পাবনা-৪ আসনের উপ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য নূরুজ্জামান বিশ্বাসকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও পাবনা-৪ আসনের সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার।
বৃহস্পতিবার দুপুরে বিএনপি নেতা সিরাজুল ইসলাম সরদার নবনির্বাচিত সংসদ সদস্যের বাড়িতে উপস্থিত হয়ে এ শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। এসময় তিনি ঈশ্বরদী ও আঘোরিয়াবাসীর উন্নয়নের জন্য নূরুজ্জামানের সহযোগিতা কামনা করেন।
এমপি বিশ্বাস এসময় বলেন, নির্বাচনে এলাকার মানুষ দল, মত নির্বিশেষে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাই দলীয় বিবেচনায় নয়, এলাকার সার্বিক উন্নয়নে আমি সকলের সহযোগিতা চাই।
সিরাজ সরদার বলেন, এলাকার উন্নয়নের ওপর স্থানীয় জনগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক সমৃদ্ধি ও সাধারণ মানুষের ভাগ্য নির্ভরশীল। সেজন্য সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে নূরুজ্জামান বিশ্বাসকে তিনি সর্বাত্মক সহযোগিতা দেবেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ রশীদুল্লাহ।
ইত্তেফাক/এসি
