চীনা বিনিয়োগ বাড়াতে বিনিয়োগের পরিবেশ উন্নত করতে হবে

আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ২০:৫৩

বাংলাদেশ এখন সস্তা পণ্যের পাশাপাশি দামি পণ্যও তৈরি করছে। মোবাইল ফোনসহ নানা উচ্চমূল্যের পণ্য এখানে তৈরি হচ্ছে। চীনা ব্যবসায়ীরা বিভিন্ন দেশে বিনিয়োগে উত্সাহিত হচ্ছেন উল্লেখ করে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমি বলেছেন, প্রতিবেশি দেশগুলোতে বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশে নানা সমস্যার কথা জানিয়েছেন। অবকাঠামোর দুর্বলতা ছাড়াও আমলাতান্ত্রিক জটিলতা, লাল ফিতার দৌরাত্ম্য ছাড়াও সরকারি সংস্থার দক্ষতার অভাবের বিষয়গুলো তিনি তুলে ধরেন। রাষ্ট্রদূত বলেন, এর পরেও বাংলাদেশের উন্নয়নের গতি আশাব্যঞ্জক। এগুলো চীনা বিনিয়োগকারীদের উত্সাহী করছে। চীনা বিনিয়োগ আকর্ষণে কিছু সুপারিশ করেন তিনি। রাজনৈতিক উদ্যোগ, বিনিয়োগ পরিবেশ উন্নত করার পাশাপাশি শ্রমিকদের দক্ষতা বাড়াতে গুরুত্ব দেন তিনি।

গতকাল বৃহস্পতিবার গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডয়ালগ (সিপিডি) আয়োজিত ‘বাংলাদেশ-চায়না ডেভেলপমেন্ট কোঅপারেশন: এক্সপেরিয়েন্স অ্যান্ড আউটলুক’ শিরোনামে আয়োজিত ভার্চুয়াল সংলাপে তিনি এ কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সম্মানীয় অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন সঞ্চালনা করেন।

অধ্যাপক রেহমান সোবহান বলেন, করোনার কারণে সারা বিশ্বে পরিবর্তন আসছে। আগামী ২৫ বছরের মধ্যে এশিয়া হবে বিশ্ব অর্থনীতির কেন্দ্রবিন্দু। এটির প্রধান চালিকাশক্তি হবে চীন। চীন এখন শুধু বিনিয়োগ বা বাণিজ্যে গুরুত্ব দিচ্ছে না, দেশটি বৃহত্ পরিসরে আঞ্চলিক সম্পর্ক জোরদার করছে। দক্ষিণ এশিয়ার সঙ্গেও সম্পর্কের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে চীনের। তিনি বলেন, দক্ষিণ এশিয়া দ্রুত উন্নতি করছে। এশিয়ার অন্য অঞ্চলের সঙ্গে দক্ষিণ এশিয়ার ব্যবধান কমে আসছে। ফলে এটা একটা বড় সম্ভাবনা তৈরি করবে। আগামীর বিনিয়োগ পরিকল্পনা সেভাবে সাজাতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, চীনা বিনিয়োগকারীদের মধ্যে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ বাড়ছে। এজন্য দেশটির সঙ্গে বাণিজ্য এবং বিনিয়োগ সম্পর্ক বাড়াতে জোর দিচ্ছে সরকার। চীনা বিনিয়োগকারীদের জন্য চট্টগ্রামের আনোয়ারায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলও তৈরি করা হয়েছে। দেশে বৈদেশিক বিনিয়োগ বাড়াতে অবকাঠামো দুর্বলতা কাটিয়ে উঠতে সরকার গুরুত্ব দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।