গত ২৩ অক্টোবর জাতীয় ফুটবল প্রাথমিক দলের ক্যাম্প শুরু হয়। এখনো চলছে কারো কুপার টেস্ট, কারো বিপ টেস্ট। গতকাল ঢাকায় ফিরেছেন ইংলিশ কোচ জেমি ডে, সঙ্গে তার দুই সহকারী স্বদেশি সহকারী কোচ স্টুয়াটওয়াটকিস এবং নতুন নিয়োগ পাওয়া গোলকিপিং কোচ লেস ক্লিভলি। ডেনমার্ক হতে ফিরেছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। ফিনল্যান্ড হতে আগেই ফিরেছেন প্রবাসী ডিফেন্ডার রায়হান তারিক কাজী। তিনি ইতিমধ্যে কোয়ারেন্টাইন শেষ করে গতকাল ক্যাম্পে যোগ দিয়েছেন। কোচ অধিনায়ক সাত মাস পর ফিরেছেন। মার্চে চলে গিয়েছিলেন।
এদের সবার ফুটবল ক্যাম্পে ঢোকার পর পুরো ছবিটাই বদলে গিয়েছে। খেলোয়াড়রা কোচের সঙ্গে দেখা করে হাই-হ্যালো করছেন। তবে জেমিসহ কোচিং স্টাফ কোয়ারেন্টাইনে থাকবেন। যদিও তারা কোভিড-১৯ নেগেটিভ নিয়ে এসেছেন, তার পরও বাফুফে হতে গতকালই করোনা টেস্ট করা হয়েছে। আজ রিপোর্ট পাওয়া যাবে। নেগেটিভ হলে তারাও রবিবার অনুশীলন মাঠে ঢুকবেন।
জাতীয় ফুটবল দল আগামী ১৩ ও ১৭ নভেম্বর ঢাকায় নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে। সেই ম্যাচের জন্য এখন অনুশীলন শুরু হয়নি। অনুশীলনে নামার জন্য খেলোয়াড়রা শারীরিকভাবে প্রস্তুত কি না পরীক্ষা করতেই পালাক্রমে কুপার টেস্ট, বিপ টেস্ট চলছে। ১২ মিনিটের কুপার টেস্ট করা হয়েছে। এখন ২০ মিনিটের বিপ টেস্ট চলছে। বসুন্ধরা কিংসের ১২ ফুটবলার ক্যাম্পে যোগ দেওয়ার পর তাদেরও টেস্ট পরীক্ষায় মুখোমুখি হতে হচ্ছে। যদিও অন্যান্য খেলোয়াড়ের চেয়ে বসুন্ধরার খেলোয়াড়রা বেশি অনুশীলনে ছিলেন। তার পরও নিয়ম মানতেই এসব টেস্ট করা হচ্ছে। ফিটনেস পরীক্ষায় এটা বাধ্যতামূলক করা হয়েছে। এই টেস্টে দেখা হয় ২০ মিটার শাটল রান টেস্ট। কে কতটা সফলভাবে শেষ করতে পারল তার একটা রেকর্ড কপি হাতে হলে আসে। সংশ্লিষ্টরা বলছেন এ ধরনের গতি পরীক্ষায় এন্ডুরেন্স, এরোবিক ক্যাপাসিটি এবং কার্ডিওভাসকুলার ভলিউম কতটা সক্রিয়, সেটা দেখা যায় এই টেস্টে। তারা বলছেন করোনার কারণে সাত মাসেরও বেশি সময় ফুটবলাররা মাঠ হতে দূরে ছিলেন। এখন হঠাত্ করে কঠোর অনুশীলন করবে। অনুশীলনের জন্য ফুটবলাররা শারীরিকভাবে কতটা প্রস্তুত তা যাচাই করতেই কুপার টেস্ট, বিপ টেস্ট করানো। কার কি রিপোর্ট সেটা প্রকাশ করতে রাজি না কোচিং স্টাফ।
তবে খেলোয়াড়দের কণ্ঠে একটা উচ্ছ্বাস শোনা যাচ্ছে। তাদের প্রিয় কোচ জেমি ডে ফিরেছেন। সঙ্গে সহকারী কোচ তো আছেই নতুন গোলকিপিং কোচ আসায় আশরাফুল ইসলাম রানারাও দারুণ খুশি।
