বোলিং শুরু করছেন শফিউল-হাসান

আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ২১:২১

পিঠের ইনজুরি অনেকটাই কাটিয়ে উঠেছেন শফিউল ইসলাম। বিসিবি একাডেমি মাঠে গত বুধবার শর্ট রানআপে বোলিংও করেছেন অভিজ্ঞ এই পেসার। ধীরে ধীরে সেরে উঠছেন হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়া হাসান মাহমুদ। তিন-চার পা দৌড়ে বোলিং করেছেন বুধবার। তিন ওভার বোলিং করেছেন তরুণ এই ফাস্ট বোলার।

দুই পেসারই ইনজুরির কারণে বিসিবি প্রেসিডেন্টস কাপে খেলতে পারেননি। সেপ্টেম্বরে দলগত অনুশীলন শুরু হওয়ার পরপরই ব্যাক ইনজুরির কারণে বাড়ি ফিরে যান শফিউল। ব্যথা কমে আসায় ফিরেছেন ঢাকায়। ফিজিও জুলিয়ান ক্যালেফাতোর অধীনে চলছে তার পুনর্বাসন।

দুই দিনের প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত বোলিং করলেও প্রেসিডেন্টস কাপে দর্শক হয়ে থাকতে হয়েছে হাসানকে। পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে গত এক সপ্তাহ ফিজিওর সঙ্গে কাজ করছেন ডানহাতি এই পেসার।

দুই জনই নভেম্বরের টি-২০ লিগকে টার্গেট ধরেই প্রস্তুত হবেন। গতকাল বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘শফিউলের ব্যাক ইনজুরি ছিল। হঠাত্ হঠাত্ দেখা দেয়, ভালো হয়েছে অনেকটা। ব্যথা নেই এখন। ধীরে ধীরে বোলিং শুরু করবে। হাসান মাহমুদ হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে ছিল। ওর অবস্থা অনেক ভালো, উন্নতি হয়েছে। দুই জনই ফিজিওর সঙ্গে কাজ করছেন। টি-২০ লিগ টার্গেট ধরেই কাজ হচ্ছে। আশা করি, এর আগেই ওরা পূর্ণ ফিট হয়ে যাবে।’