কুমিল্লা মহানগরীর অধিকাংশ বহুতল ভবনে পার্কিং জোন বলতে কিছু নেই। থাকলেও সেগুলো ভাড়া দেওয়া হয়েছে ব্যবসাপ্রতিষ্ঠানের কাছে। এ অবস্থায় কর্মব্যস্ত এলাকাগুলোর সড়কগুলোর দখল হয়ে পড়েছে গাড়ি পার্কিং আর দোকানির পসরায়। নগরীর আবাসিক ও বাণিজ্যিক এলাকা একাকার হয়ে যাওয়া এবং বিপণি বিতান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, হাইরাইজ ভবন বা আবাসিক ভবনগুলোতে গাড়ি পার্কিং সুবিধা একেবারেই না থাকায় অধিকাংশ ফুটপাতজুড়ে গাড়ি পার্কিং, সঙ্গে বাণিজ্যিক প্রতিষ্ঠানের পসরা। এ অবস্থা চোখে পড়বে কান্দিরপাড়, বাদুরতলা, ঝাউতলা, পুলিশলাইন, মনোহরপুর, রজলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক, লাকসাম রোড, রাজগঞ্জ, ছাতিপট্টি, পদুয়ারবাজার, রেলওয়ে অ্যাপ্রোচ রোডের ফুটপাত ও সড়কে। এতে যানজট সৃষ্টি হচ্ছে প্রতিদিন। ফুটপাত ছেড়ে মানুষ বাধ্য হয়ে সড়ক দিয়ে হাঁটাচলা করছে। ফুটপাত ও সড়কের এই অবৈধ দখলদারি দূর করে জনদুর্ভোগ ঘোচাতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মামশাদ কবীর
কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০
