গবেষণা চুরির অপরাধে ঢাবির তিন শিক্ষকের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন

আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ০০:৩২

গবেষণা চুরির অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সামিয়া রহমান, অপরাধবিজ্ঞান বিভাগের প্রভাষক সৈয়দ মাহফুজুল হক মারজান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মাদ ওমর ফারুকের বিরুদ্ধে দুটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এছাড়া চলতি শিক্ষাবর্ষের উন্নয়ন ফি অর্ধেক ও ছুটি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও অনুজীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

সামিয়া রহমান ও সৈয়দ মাহফুজুল হক মারজানের বিরুদ্ধে এর আগে ট্রাইব্যুনাল গঠন করা হলেও ট্রাইব্যুনালে কারা বিচারক হিসেবে থাকবেন তা নির্ধারণ করা হয়নি। এবার বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মো. রহমত উল্যাহকে চেয়ারম্যান করে এবং সিনেটের এক জন প্রতিনিধি ও অভিযুক্তদের পক্ষ থেকে এক জন প্রতিনিধি নিয়ে ট্রাইব্যুনাল গঠিত হবে। উপাচার্য দুই জন সদস্য ঠিক করে সময় বেঁধে দেবেন। এটি সর্বোচ্চ আট সপ্তাহ পর্যন্ত হতে পারে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক ওমর ফারুকের বিরুদ্ধে গঠিত ট্রাইব্যুনালে বিশ্ববিদ্যালয়ের আইনজীবী ও সিন্ডিকেট সদস্য এ এফ এম মেজবাহ উদ্দিনকে চেয়ারম্যান করা হয়েছে। সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার ক্ষতি পুষিয়ে নিতে আসন্ন শীতকালীন ছুটি ১৭ দিনের পরিবর্তে সাত দিন এবং গ্রীষ্মকালীন ছুটি ৪০ দিনের পরিবর্তে ২০ দিন করা হয়েছে।