টাইমস অব ইন্ডিয়া ও ডন
ঋণের দায়ে জর্জরিত পাকিস্তানের গ্বাদর সমুদ্র বন্দরে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে তেল শোধনাগার নির্মাণের কথা জানালো সৌদি আরব। এই বিনিয়োগের পরিমাণ এক হাজার কোটি ডলার। রবিবার পাকিস্তানের বেলুচিস্তানের বন্দরে উপস্থিত থেকে এ আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন সৌদি আরবের জ্বালানি মন্ত্রী খালিদ আল ফালি।
তিনি বলেন, পাকিস্তানের আর্থিক উন্নয়নের অংশীদার হতে চায় সৌদি আরব। এ কারণেই এ তেল শোধনাগার নির্মাণ করা হচ্ছে। এর পাশাপাশি আমরা পাকিস্তান-চীনের অর্থনৈতিক করিডোরের অংশীদারও হতে চাই। আগামী ফেব্রুয়ারিতেই পাকিস্তান সফরে আসছেন সৌদির যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ওই সময় পাকিস্তানের সঙ্গে এ বিষয়ে চুক্তিতে স্বাক্ষর হবে বলে জানিয়েছেন সৌদির জ্বালানি মন্ত্রী। গ্বাদর সমুদ্র বন্দরে তেল শোধনাগার ছাড়া অন্য বেশ কিছু প্রকল্পেও পাকিস্তানকে আর্থিক সাহায্য করা হবে বলে জানিয়েছেন খালিদ আল ফালি।
আগস্টে ক্ষমতায় আসার পর থেকেই ঋণের দায়ে জর্জরিত পাকিস্তানকে দেউলিয়া হয়ে যাওয়া থেকে উদ্ধার করতে বিশ্বের বিভিন্ন দেশের কাছে আর্থিক সাহায্য চাইছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এ পরিস্থিতিতে এ আর্থিক সাহায্য কিছুটা হলেও স্বস্তি দিবে বলে মনে করছেন আর্ন্তজাতিক বিশেষজ্ঞরা।
