স্পোর্টস রিপোর্টার
গত আসরে নাসির হোসেন ছিলেন সিলেট সিক্সার্সের অধিনায়ক। তার অধীনে গতবার দল খুব ভালো শুরু করলেও শেষটা ভালো করতে পারেনি। এবার ইনজুরি তার অবস্থান নড়বড়ে করে দিয়েছে। ইনজুরি কাটিয়ে ফেরার পর এবার বিপিএলে সিলেটের হয়ে দুটি মাত্র ম্যাচ খেলতে পেরেছেন। তারপর একাদশে জায়গা হয়নি। এবার দল থেকেই বাদ পড়লেন। বিশ্রামের কথা বলে নাসির হোসেনকে দলের বাইরে রেখেই সিলেটে গেছে সিলেট সিক্সার্স।
গতকাল সিলেট সিক্সার্সের প্রধান নির্বাহী ইয়াসির ওবায়েদ নাসিরকে বিশ্রামে রাখার খবর জানিয়ে বলেছেন, ‘সিলেটে আমাদের খুব টাইট সুচি। আর ও ইনজুরি থেকে ফেরার এখনও রিদমে আসতে পারেনি। তাই নাসিরকে রেস্ট দেয়া হয়েছে।’ নাসির এবার সিলেটের হয়ে দুটি মাত্র ম্যাচ খেলতে পেরেছেন। সেই দুই ম্যাচে ৩ ও ১ রান করেছেন। একটি ম্যাচে বল করেছেন। সেখানে ১১ রান দিয়ে কোনো উইকেট পাননি। নাসির হোসেনের বিপিএল রেকর্ড অবশ্য এতো বিবর্ণ নয়। এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে তিনি ৬১টি ম্যাচ খেলেছেন। ২৩.৭৭ গড়ে এখানে ১০৪৬ রান করেছেন এবং তুলে নিয়েছেন ৩৫টি উইকেট।
নাসির গতবছর এপ্রিল মাসে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে গিয়ে ফুটবল খেলতে গিয়ে চোট পান লিগামেন্টে। শুরুতে চোট গুরুতর মনে না হলেও পরে সেই লিগামেন্টে অপারেশন করাতে হয়েছে। সেই থেকে লম্বা সময় ছিলেন মাঠের বাইরে। অবশেষে কিছুদিন আগে পুনর্বাসন শেষ করে মাঠে ফিরেছেন। এই বিপিএলই ছিলো ইনজুরি থেকে ফেরার পর নাসিরের প্রথম স্বীকৃত কোনো ক্রিকেট টুর্নামেন্ট।
