মোনালিসার ছবিটাতে সবাই তার ঠোঁটের রহস্যময় হাসি আর তিলটাই শুধু দ্যাখে।
কিন্তু তার ভ্রু?
ওটা তো পেন্সিলে আঁকা নকল ভ্রু।
কেউ তা লক্ষ করে না।
সবাই তার তিল আর হাসিতেই মগ্ন।
আসলে মোনালিসা ছিল আলোপেসিয়া চর্মরোগী যা নারীকে করে অরূপা কেশহীন, ভ্রুহীন।
দ্য ভিঞ্চি ওর ঐ ভ্রুর দুর্বলতা ঢাকতেই তার সব রং, মাধুর্য উজাড় করে দিয়েছিলেন মোনালিসার চুল, তিল আর ঠোঁটের হাসিতে।
তাই মোনালিসার ভ্রুর দিকে কেউ তাকায় না, গবেষণাও করে না।
দ্য ভিঞ্চির ভালোবাসা সব মানুষের চিরকালের ভালোবাসা—ওহ মোনালিসা!
একালের রূপবতী মেয়েদের দীর্ঘশ্বাস আর আক্ষেপ—‘আমরা মোনালিসার চাইতে কত সুন্দর, আমাদের চুল, তিল, হাসি ভুবনমোহিনী। আমাদের নকল চুল নেই, নকল ভ্রু নেই, আলোপেসিয়া রোগ নেই। তবুও আমরা মোনালিসার মতো অমর হতে পারলাম না। কারণ, আমাদের দ্য ভিঞ্চি নেই।’
