এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় পাকিস্তানের

আপডেট : ০১ নভেম্বর ২০২০, ১৯:৫৬

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচই জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জয় পেয়েছে পাকিস্তান। 

দিবারাত্রির ম্যাচে রবিবার রাওয়ালপিন্ডিতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। তবে সিদ্ধান্তটা কাজে লাগতে পারেনি তারা। ব্যাট করতে নেমে ৫০ ওভারও খেলতে পারেনি সফরকারীরা। 

মাঝে ব্রেন্ডন টেইলরের ৩৬, শেন উইলিয়ামসের ৭০ বলে ৭৫ রানের ইনিংসে ভর করে ৪৫ ওভার এক বলে ২০৬ রান তুলে জিম্বাবুয়ে।পাকিস্তানের হয়ে ৫ উইকেট নেন ইফতিখার। এছাড়া দুটি নেন মুসা ও একটি করে নেন রৌফ, ফাহিম ও ইমাদ ওয়াসিম।

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের দুই ওপেনারের জুটি গড়ায় ৬৮ রান পর্যন্ত। আবিদ আলীকে ২২ রানে ফিরিয়ে জুটি ভাঙেন টেন্ডাই চিসরো।
দ্বিতীয় উইকেট জুটিতে ইমাম উল হক ও বাবর আজম মিলে জিতিয়েই ফেলছিলেন তবে আবারও চিসরোর আঘাত। ৪৯ রানে ফেরান ইমামকে। এরপর হায়দার আলী করেন ২৯ রান। মোহাম্মদ রিজওয়ান করেন ১ রান।

তবে বাবরের অর্ধশতকের ইনিংসে ভর করে ৬ উইকেট হাতে রেখে মাত্র ৩৫ ওভার ২ বলেই ২০৬ রান টপকে যায় স্বাগতিকরা। বাবরের ব্যাটে আসে অপরাজিত ৭৭ (৭৪) রান।

ইত্তেফাক/এসআই