স্পোর্টস ডেস্ক
করোনা ভাইরাসের দ্বিতীয় স্রোত সামলাতে ইংল্যান্ড জুড়ে আবারও জারি হয়েছে চার সপ্তাহের লকডাউন। তবে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, এর প্রভাব পড়বে না ইংলিশ প্রিমিয়ার লিগে।
সম্প্রতি প্রধানমন্ত্রী জনসন জানিয়েছেন, করোনা সংক্রমণ রুখতে আগামী বৃহস্পতিবার থেকে ২ ডিসেম্বর পর্যন্ত আবারও লকডাউন করা হবে দেশটি। তার সাংস্কৃতিক উপদেষ্টা অলিভার ডাওডেন অবশ্য এক টুইটে জানিয়েছেন কর্মক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে বাঁধাধরা থাকবে না। ‘অভিজাত’ খেলাগুলোও চলতে পারবে দর্শকহীন স্টেডিয়ামে।
ঘোষণাটি দেওয়ার পর সংবাদ সম্মেলনে প্রিমিয়ার লিগের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জনসন সবুজ সংকেত দিয়ে বলেন, ‘প্রিমিয়ার লিগে সমস্যা নেই।’ লিগ কর্তৃপক্ষ এরপর এক বিবৃতিতে জানায়, ‘সংক্রমণ ঠেকাতে সরকারের প্রচেষ্টার ব্যাপারে অবগত আছি আমরা। আর আশা করছি এই সংকটে আমাদের জাতীয় খেলাটা জনগণের মনোযোগ কিছুটা অন্যদিকে সরিয়ে নিতে পারবে।’
এরই মধ্যে শিরোপাধারী লিভারপুল টানা তৃতীয় ম্যাচে জয় নিয়ে উঠে গেছে লিগ টেবিলের শীর্ষে। ওয়েস্ট হ্যামের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও মোহামেদ সালাহ ও ডিয়েগো জোটার লক্ষ্যভেদে ভর করে ২-১ গোলের জয় পায় কোচ য়ুর্গেন ক্লপের শিষ্যরা।
