চার জেলায় সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু

আপডেট : ০১ নভেম্বর ২০২০, ২১:২৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে রবিবার বিআরটিসি বাসের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার চকদৌলতপুর এলাকার মৃত আরশাদ আলীর ছেলে মো. রুপচান (৩৫)। চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের উপর রাজারামপুর এলাকায় সিসিডিবি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, বাসসহ চালককে আটক করেছে পুলিশ।

গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা জানান, গোদাগাড়ীতে রবিবার যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম সাজুবালা (৪০)। তিনি উপজেলার মাটিকাটা ইউনিয়নের চৌদুয়ার গ্রামের আমির চাঁদের স্ত্রী। গোদাগাড়ী মডেল থানার ওসি খাইরুল ইসলাম বলেন, ঘাতক বাসসহ চালককে আটক করা হয়েছে।

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ভালুকায় শনিবার রাতে প্রাইভেটকার চাপায় সুমন (৩০) নামের একজনের মৃত্যু হয়েছে। ঢাকা-ময়মনসিংহ সড়কের ভালুকায় স্কয়ার মাস্টারবাড়ী বাজারের কাকলী ফার্নিচারের সামনে রাস্তার পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। সুমন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার বিশকাটালী গ্রামের লিয়াকত আলীর ছেলে। ভরাডোবা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ তৈমুর আলী দুর্ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক প্রাইভেটকারটি আটক করা গেলেও এর চালককে আটক করা যায়নি।

বরিশাল অফিস ও উজিরপুর সংবাদদাতা জানান, বরিশালের উজিরপুরে বাসচাপায় আব্দুল গনি হাওলাদার (৮০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছে পূজা (১৬) নামের এক কিশোরী। রবিবার সকালে এ দুর্ঘটনার পর বরিশাল থেকে পিরোজপুরের স্বরূপকাঠি রুটে বাস চলাচল বন্ধ করে দেয় এলাকাবাসী। পরে প্রশাসনের হস্তক্ষেপে বিকাল ৫টার দিকে বাস চলাচল স্বাভাবিক হয়। দুপুর আড়াইটার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যু হয় আব্দুল গনি হাওলাদারের। উজিরপুরের গুঠিয়া তদন্তকেন্দ্রের এসআই নিজাম উদ্দিন জানান, উজিরপুরের গুঠিয়ায় বেইলি ব্রিজ পার হচ্ছিলেন আব্দুল গনি হাওলাদার ও পূজা। স্বরূপকাঠী থেকে বরিশালগামী বাসটি ব্রিজ অতিক্রম করার সময় তাদের চাপা দেয়। আব্দুল গনি হাওলাদার গুঠিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের মসজিদের ইমাম এবং বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত উপপরিদর্শক ছিলেন।