মানিকগঞ্জে ট্রেনলাইন হোক

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ২১:৫১

মানিকগঞ্জ জেলার যোগাযোগব্যবস্থা বিভিন্ন দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ। এক সময় ঢাকা-আরিচা রাস্তা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধু সেতু হওয়ার পর এই রাস্তার ভিড়-ভাট্টা কিছুটা কমলেও ঢাকা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া হয়ে রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, নড়াইল ও যশোরসহ উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সঙ্গে এখনো যাতায়াতের সহজ রাস্তা হিসেবে ঢাকা-আরিচা রাস্তা বেছে নিচ্ছেন অনেকে। মানিকগঞ্জ জেলা কৃষিনির্ভর হলেও বর্তমানে এখানে শিল্প বিপ্লব ঘটছে। শিল্প কারখানার উত্পাদিত পণ্য ঢাকাসহ সারা দেশে পরিবহনের জন্য ট্রেনলাইন খুবই উপযোগী। ঢাকা থেকে সাভার ইপিজেড হয়ে মানিকগঞ্জ-পাটুরিয়া পর্যন্ত ট্রেনলাইন স্থাপন করা হলে সাভার, মানিকগঞ্জ, ধামরাই এলাকার মানুষ প্রতিদিন ঢাকায় এসে অফিস করে আবার বাড়ি ফিরে যেতে পারবেন। পরবর্তী সময়ে পাটুরিয়া-দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে এই ট্রেনলাইনে দ্বিতীয় পদ্মা সেতু দিয়ে রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, নড়াইল, যশোর, পাবনা, নাটোর, রাজশাহী প্রভৃতি জেলায় যাতায়াত করা সহজ হবে। এক্ষেত্রে সাভারে ইপিজেডের অন্তর্গত শিল্প কারখানার মালামাল খুব কম খরচে কন্টেইনার ট্রেনের মাধ্যমে চট্টগ্রাম বন্দরে পৌঁছানো সম্ভব হবে। এতে খরচ এবং সময় দুটোই কমে যাবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করি। তাই বিভিন্ন দিক বিবেচনায় এনে ঢাকা থেকে আশুলিয়া হয়ে মানিকগঞ্জ-পাটুরিয়া পর্যন্ত একটি আধুনিক ট্রেনলাইন নির্মাণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।

এম এ আওয়াল

চালা, ঝিট্কা, মানিকগঞ্জ