বিশ্ববিদ্যালয় রিপোর্টার
স্বাস্থ্য অধিদপ্তর ঘোষিত দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজের ফাইনাল পরীক্ষার তারিখ বাতিল এবং সেশনজট মুক্ত মেডিক্যাল শিক্ষাবর্ষের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করা হয়। গতকাল রবিবার দুপুরে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। সাধারণ মেডিক্যাল এবং ডেন্টাল শিক্ষার্থীদের ব্যানারে এ বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় শাহবাগের চতুর্মুখী সড়কে যানচলাচলে বিঘ্ন ঘটে। এ সময় বিক্ষোভ স্থলে পুলিশের উপস্থিতি দেখা গেছে। এর আগে কেন্দ্রীয় শহিদ মিনারে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে থেকে মানববন্ধন কর্মসূচি পালনের পর শিক্ষার্থীরা শাহবাগের দিকে অগ্রসর হন।
ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের প্রফেশনাল বা ফাইনাল পরীক্ষার জন্য তারিখ ঘোষণা করা হয়। তবে করোনাকালীন সময়ে স্বাস্থ্যঝুঁকি নিয়ে পরীক্ষায় বসতে চান না মেডিক্যাল ও ডেন্টালের শিক্ষার্থীরা। বিশ্বব্যাপী যখন করোনার দ্বিতীয় ঢেউ চলছে তখন পরীক্ষায় বসলে করোনায় আক্রান্ত হওয়ার পাশাপাশি মৃত্যুঝুঁকিও তৈরি হবে। এ কারণে মেডিক্যাল শিক্ষার্থীরা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে চান না।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, করোনা মহামারিতে পেশাগত পরীক্ষা নয়, এর বিকল্প চাই।
