গুরুতর অসুস্থ আরো তিন শিশু
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
মুন্সীগঞ্জের সিরাজদিখানে আচার মনে করে ইঁদুর মারার ওষুধ খেয়ে এক শিশুর মৃত্যু এবং গুরুতর অসুস্থ হয়ে চিকিত্সাধীন আছে আরো তিন শিশু। রবিবার দুপুরে উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, স্থানীয় ভাঙারি ব্যবসায়ী সামছুউদ্দিন (৫০) ভাঙারি মালামাল ক্রয় করে নিজ বাড়িতে রাখেন। তার ভাঙারির মালামালের সঙ্গে থাকা ইঁদুর মারার ওষুধকে আচার মনে করে ফুরশাইল গ্রামের মো. রিয়াদ হোসেনের ছেলে সাব্বির (৩) এবং তার ভাই রাব্বি (৬), একই গ্রামের চান্দু মিয়ার ছেলে সিফাত (৫), ইমন হোসেনের ছেলে কাউছার (৫)—এই চার জন ভাগ করে খেয়ে ফেলে। এতে চার জনই গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিত্সক তাদেরকে উন্নত চিকিত্সার জন্য ঢাকা পাঠালে পথিমধ্যে সাব্বির মারা যায়। বাকি তিন জনকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামান জানান, অসুস্থ শিশুদের আমাদের এখানে নিয়ে এসেছিল। অবস্থা ভালো না বিধায় আমি তাদের ঢাকায় উন্নত চিকিত্সার জন্য পাঠিয়েছি।
মালখানগর ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হারুন অর রশিদ জানান, ভাঙারি ব্যবসায়ী সামছুদ্দিনসহ তারা সবাই ফুরশাইল গ্রামের মোতালেব মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
