যশোরের মনিরামপুর উপজেলার ঝাঁপা গ্রামে দুর্বৃত্তদের রেখে যাওয়া বোমা বিস্ফোরিত হয়ে দিনমজুর শহিদুল ইসলামের পরিবারের দুই শিশুসহ চারজন আহত হয়েছেন। আহতরা হচ্ছেন শহিদুলের মেয়ে দিলারা খাতুন (২০), পুত্রবধূ লাবনী খাতুন (২৩), নাতী রাসেল (৬) ও নাতনি ফতেমা (৭)। তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার বিকেলে শহিদুলের বাড়ির উঠানে বালিগাদায় রেখে যাওয়া বোমা বিস্ফোরিত হয়ে তারা আহত হন।
আহতের স্বজনরা জানান, কে বা কারা তাদের বালিগাদায় ২টি বোমা রেখে যায়। সোমবার বিকেলে ফাতেমা ও রাসেল ওই বালিগাদায় খেলতে গিয়ে লাল টেপ দিয়ে পেঁচানো দুটি বস্তু দেখতে পায়। এ থেকে শিশু রাসেল একটি তুলে মাটিতে ফেলার সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে তারা আহত হয়। আহতদের উদ্ধার করে রাতে হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুনঃ অনার্সে প্রথম হওয়া শাবি শিক্ষার্থীর আত্মহত্যা
মণিরামপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, ‘ঝাঁপা গ্রামের শহিদুল ইসলাম জামায়াতের কর্মী। নির্বাচন উপলক্ষে তারা বাড়িতে বোমা লুকিয়ে রেখেছিল। সেই বোমা বিস্ফোরণে তার পরিবারের তিনজন আহত হয়েছে।’
ইত্তেফাক/নূহু
