পৌর নির্বাচনের প্রস্তুতি নিয়ে আজ বৈঠকে বসছে ইসি

আপডেট : ০১ নভেম্বর ২০২০, ২২:১৩

ইত্তেফাক রিপোর্ট

পৌরসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আজ সোমবার আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকে সিদ্ধান্ত আসতে পারে কবে নাগাদ পৌরসভার ভোটগ্রহণ হবে। সকাল ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির ৭২তম সভা হওয়ার কথা রয়েছে। সভায় প্রধান এজেন্ডা রাখা হয়েছে পৌরসভা নির্বাচনের প্রস্তুতি বিষয়কে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

ইসির কর্মকর্তারা বলছেন, একই দিনে দেশের দুই শতাধিক পৌরসভায় ভোট করার চিন্তা করছে কমিশন। এক্ষেত্রে চলতি নভেম্বরের মাঝামাঝিতে প্রথম ধাপের তপশিল দিয়ে ডিসেম্বরের শেষ নাগদ ভোট করা; দ্বিতীয়ত-ডিসেম্বরের শেষে তপশিল দিয়ে দ্বিতীয় ধাপে জানুয়ারি-ফেব্রুয়ারিতে ভোট করার চিন্তা করা হচ্ছে। তবে তপশিল থেকে ভোট অনুষ্ঠান পর্যন্ত ৩৫/৪৫ দিন হাতে রাখবে ইসি।

ইসির সভায় ছয় এজেন্ডা :নির্বাচন কমিশনের ৭২তম সভায় পাঁচটি বিষয়ে এজেন্ডা রাখা হয়েছে। (ক) পৌরসভা সাধারণ নির্বাচনের প্রস্তুতি; (খ) স্থানীয় সরকার পরিষদসমূহের বিভিন্ন পদে নির্বাচন ও উপনির্বাচন; (গ) নির্বাচন কমিশনের ইন্টারনাল সাইটে নির্বাচনের বিষয়ে পেপার ক্লিপিং প্রকাশ সংক্রান্ত আলোচনা; (ঘ) ৩য় ‘জাতীয় ভোটার দিবস-২০২১’ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণের বিষয়ে আলোচনা; (ঙ) গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর সংশোধন এবং বাংলাকরণ বিল অনুমোদন এবং তা আইন মন্ত্রণালয়ে পাঠানো এবং (চ) বিবিধ বিষয় এজেন্ডায় রাখা হয়েছে। সর্বশেষ ২০১৫ সালে ২৪ নভেম্বর পৌর নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়। ৩৬ দিন সময় দিয়ে ভোটের তারিখ দেওয়া হয় ৩০ ডিসেম্বর। এক দিনে ভোট হয় ২৩৪টি পৌরসভায়। বাকিগুলোয় মেয়াদোত্তীর্ণের তারিখ বিবেচনায় পরে ভোট হয়।