আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, রাজনৈতিক ব্যর্থতাজনিত হতাশা বিএনপিকে গ্রাস করেছে। তাই তারা দেশ ও সরকারের অর্থনৈতিক কোনো ইতিবাচক অর্জন দেখতে পায় না। গতকাল রবিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর সঙ্গে সেবার মান বৃদ্ধি বিষয়ক আলোচনাসভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত হন। আলোচনা সভায় বিআরটিএ সদর দপ্তর, ঢাকা মহানগরী, পার্শ্ববর্তী জেলাসমূহ, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট জেলার কর্মকর্তারা সংযুক্ত ছিলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪১ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে, নতুন গতি এসেছে প্রবাসী আয়ে—আর এসব ইতিবাচক দিক বিএনপি দেখতে পায় না।’ তিনি বলেন, দেশে এখন পর্যন্ত ১৮টি ফ্লাইওভার, ৪১৩ কিলোমিটার চার লেনের মহাসড়ক নির্মাণ হয়েছে, তাও বিশ্বাস না হলে বিএনপি নেতাদের বলব আপনারা সরেজমিনে গিয়ে দেখে আসুন।
তিনি আরো বলেন, আত্মীয় ও দলীয় পরিচয় দিয়ে বিআরটিএতে যারা প্রভাব খাটাতে চায় তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। বিআরটিএতে নিয়মকানুন অনুযায়ী সবাইকে চলতে হবে, এর ব্যত্যয় ঘটলেই ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী। দালালের দৌরাত্ম্য থেকে সবাইকে সাবধানে থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, গ্রাহকসেবার নামে যাতে কেউ হয়রানির শিকার না হয় সেদিকেও নজর দিতে হবে। যেসব ব্যক্তি ঘুষ দিয়ে বদলি ও প্রমোশন করাতে চান সেসব ব্যক্তিকে দিয়ে বিআরটিএতে কোনো লাভ হবে না। এই সব মতলববাজদের থেকে সাবধান থাকতে হবে।
