গুজব ছড়িয়ে জুয়েলকে হত্যা করা হয়

আপডেট : ০১ নভেম্বর ২০২০, ২৩:০২

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারীতে ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে আবু ইউনুছ মো. সহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার কমিশনের তদন্ত দল। কমিশনের তদন্ত বিভাগের পরিচালক আল মাহমুদ ফাউজুল কবিরের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গতকাল রবিবার ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

তদন্ত শেষে দুপুরে আল মাহমুদ ফাউজুল কবির সাংবাদিকদের বলেন, নিহত জুয়েল কোরআন শরীফ অবমাননা করেননি। তবে তার মানসিক সমস্যা ছিল। এটি নিছক একটি গুজব ছিল বলে আমাদের মনে হয়েছে। তিনি আরো বলেন, মসজিদের ইমাম ও খাদেমের সঙ্গে কথা বলে আমরা নিশ্চিত হয়েছি, নিহত জুয়েল কোরআন অবমাননা করেননি। অবমাননার গুজব ছড়িয়ে তাকে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলা হয়েছে। ফলে ঘটনাটি পরিকল্পিত কি না, তা মাথায় রেখে আরো নিবিড়ভাবে তদন্ত করছি। ঢাকায় ফিরে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে তিনি জানান।

জানা গেছে, তদন্ত দল দিনভর পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বুড়িমারী ইউপি চেয়ারম্যান, পাটগ্রাম থানার ওসি, বুড়িমারী কেন্দ্রীয় মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং ঘটনার সময় নিহত জুয়েলের সঙ্গে থাকা সুলতান জোবায়ের সুমনের সাক্ষ্য গ্রহণ করে। এ সময় লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক পি এম রাহসিন কবির, সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস সরকার উপস্থিত ছিলেন।

এদিকে জুয়েল হত্যার ঘটনায় তিনটি মামলার তদন্ত চলছে। পুলিশ পাঁচ জনকে গ্রেফতার করলেও জিজ্ঞাসাবাদ শেষে  গতকাল রাতে দুই জনকে ছেড়ে দিয়েছে।