উপজেলা পরিষদ নির্বাচন

চিতলমারীতে দুই ডজন সম্ভাব্য প্রার্থীর দৌড়ঝাঁপ

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ২২:১৩

চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা

জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই চিতলমারীতে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। আগামী মার্চ মাসে উপজেলা পরিষদ নির্বাচন হওয়ার ঘোষণা পেয়ে তত্পর হয়েছেন সম্ভাব্য প্রার্থীরা। উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার আশায় ইতোমধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় দুই ডজন সম্ভাব্য প্রার্থী।

এবার প্রথমবারের মতো দলীয় মনোনয়ন দেওয়ার ঘোষণার পর থেকে ভোটারদের দ্বারে না গিয়ে প্রার্থীরা এখন দলীয় সবুজ সংকেত পাওয়ার জন্য লবিংয়ে ব্যস্ত সময় পার করছেন। কারা হচ্ছেন উপজেলা নির্বাচনের প্রার্থী আর কারাই পাবেন দলীয় মনোনয়ন তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। হাট-বাজার ও পাড়ার চায়ের দোকানে চলছে প্রার্থীদের নিয়ে বিভিন্ন আলোচনা-সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সম্ভাব্য প্রার্থীদের সমর্থকরা চালাচ্ছেন বিভিন্ন প্রচারণা। সব মিলিয়ে চিতলমারীতে বইছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে উপজেলা চেয়ারম্যান হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অশোক কুমার বড়াল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও জেলা যুবলীগের জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো. রাশেদ শেখ পুকুল, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মোহন আলী বিশ্বাস, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সদস্য এ্যাড. শম্ভুনাথ রায়, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম তাপস, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা মল্লিক, চিতলমারী উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. শেখ নজরুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ফ্রান্স প্রবাসী নান্নু শেখ, সাবেক বড়বাড়িয়া ইউপি চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান পান্না।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনয়ন প্রত্যাশী সাবেক ভাইস চেয়ারম্যান সাহেব আলী ফরাজী, চিতলমারী উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ মাহাতাবুজ্জামান, শেরে বাংলা কলেজের সাবেক ভিপি ও কেন্দ্রীয় যুবলীগ নেতা রাজু আহমেদ মিরান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আনন্দ লাল দত্ত, শেরে বাংলা কলেজের সাবেক এজিএস ও যুবলীগ নেতা মিলন কান্তি বাড়ৈ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চিতলমারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক অলিপ সাহা কালা, উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক নাজমুল হক টিপু, যুবলীগ নেতা নাইমুল ইসলাম খান নোমান।

মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শিবানী বিশ্বাস, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হেলেনা পারভীন, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সাবেরা বেগম স্বপ্না কামাল।

প্রার্থী মনোনয়নের ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায় জানান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় হাই কমান্ডের নির্দেশক্রমেই প্রার্থীরা মনোনয়ন পাবেন। কোনো অবস্থায়ই বিদ্রোহী প্রার্থীদের মেনে নেওয়া হবে না।