পায়ে হেঁটে ১১ দিন

আপডেট : ০২ নভেম্বর ২০২০, ১০:২১

বর্তমান সময়ে পায়ে হেঁটে ভ্রমণ খুবই জনপ্রিয় ভ্রমণ মাধ্যমে পরিণত হচ্ছে। যদিও সবার দ্বারা এটা সম্ভব না; কিন্তু হেঁটে হেঁটেও যে শেখা যায় এটা আমি খুবই প্রখরভাবে উপলব্ধি করেছি এ ভ্রমণের মাধ্যমে। এ পরিভ্রমণ থেকে আমি সময়ানুবর্তিতা, হাল ছেড়ে না দিয়ে এগিয়ে যাওয়া, দলের সঙ্গে মিলেমিশে কাজ করা এবং যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত গ্রহণ করার অভিজ্ঞতা এবং শিক্ষা পেয়েছি।

কথাগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিশ্বনাথ ভৌমিকের। সাম্প্রতিক সময়ে তারা ‘হাইকিং ফোর্স বাংলাদেশ’-এর চার সদস্য পায়ে হেঁটে ১১ দিনে সিলেট বিভাগের চারটি জেলা পরিভ্রমণ করেছে। ১১ দিনে ৩৬৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এ পরিভ্রমণ শেষ করেছেন তারা। এদের মধ্যে প্রধান ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসফিকুল হাসান টনি। এছাড়া ছিলেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী জাকিয়া রাফা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরেক শিক্ষার্থী মুস্তাকিম রহমান। 

এ ১১ দিনে নানা অভিজ্ঞতা ও বিভিন্ন ধরনের সংস্কৃতির সঙ্গে পরিচয় হয়েছে বলে জানান তারা। পুরো সময়টা তারা পার করেছেন দুর্গম পথ পাড়ি দিয়ে। কখনো হাঁটতে হয়েছে চা বাগানের মধ্য দিয়ে, কখনো হাওর, কখনো পাহাড়, হাইওয়ে, গ্রামের মেঠোপথ, পাথরের পথ, ইট বসানো রাস্তা কখনো বা আবার যেতে হয়েছে রেললাইনের পথ ধরে।

এসময় তারা স্থানীয়দের থেকে নদী এবং নদীদূষণ সম্পর্কে তথ্য সংগ্রহ করেন এবং জনসচেতনতামূলক প্রচারণা করেন। এসময় তারা ‘অবিলম্বে অবৈধ স্থাপনা অপসারণ কর’, ‘নদী উদ্ধার ও খনন করা হোক’, ‘নদী বাঁচাও দেশ বাঁচাও’ এবং ‘গৃহস্থালি ও শিল্প বর্জ্য নদীতে না ফেলে নদীকে দূষণমুক্ত করুন’ লেখা সংবলিত লিফলেট প্রদর্শন করেন। ‘দেশ বাঁচাও নদী বাঁচাও’ প্রতিপাদ্যে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থেকে তাদের এ যাত্রা শুরু হয়।

এরপর মৌলভীবাজারের শ্রীমঙ্গল, শমসেরনগর হয়ে কুলাউড়া। এরপর একে একে সিলেটের ফেঞ্চুগঞ্জ, সিলেট সদর, গোয়াইনঘাট, জাফলং, বিছনাকান্দি, কোম্পানিঞ্জ হয়ে সুনামগঞ্জ সদর এবং লালপুর হয়ে তাদের পরিভ্রমণ শেষ হয়। নানা অভিজ্ঞতার কথা তুলে ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিশ্বনাথ ভৌমিক বলেন, হাঁটাহাঁটি ভালো লাগার কারণে মূলত হাইকিং ফোর্স বাংলাদেশের সঙ্গে কাজ করা। পরিভ্রমণের পাশাপাশি সিলেট বিভাগের উল্লেখযোগ্য পর্যটন স্পটগুলোর দেখার সুযোগ হয়েছে তাদের।

ইত্তেফাক/বিএএফ