গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার সর্বত্র এখন অটোরিকশার ছড়াছড়ি। যারা চালায় তাদের নাই ড্রাইভিং লাইসেন্স, নাই প্রশিক্ষণ, পূর্ব অভিজ্ঞতা। এগুলো পৌর নাগরিকজীবনে বিভিন্ন সমস্যা সৃষ্টি করে চলেছে। অত্যন্ত দ্রুতগতিতে চালানোর ফলে প্রায়শই ঘটছে দুর্ঘটনা এবং মানুষজন মারাত্মকভাবে আহত হচ্ছে। প্রতিটি রাস্তার প্রবেশপথে দুই সারিতে অটোগুলি দাঁড়িয়ে থাকায় সবসময় জ্যাম লেগে থাকে। রাতের বেলা অটোরিকশার হেডলাইটের সাদা আলোর কারণে সামনে কিছুই দেখতে না পাওয়ায় দুর্ঘটনা ঘটে বেশি। বিদ্যুত্চালিত হওয়ায় এগুলো চার্জ করার জন্য রীতিমতো পাওয়ার স্টেশন গড়ে উঠেছে। এদিকে চালকদের বেশিরভাগই দেশের বিভিন্ন এলাকা থেকে আগত। শ্রীপুরে যখনই কোনো অপরাধী ধরা পড়ে—জানা যায় অপরাধী এই এলাকায় নয়। তাই অটোরিকশা যদি থাকতেই হয়, তাহলে অবশ্যই একটি সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে চালকদের প্রশিক্ষণ দিয়ে ড্রাইভিং লাইসেন্সের ব্যবস্থাসহ জীবনবৃত্তান্ত পৌরসভায় সংরক্ষণ করা হোক। জানামতে, এটি সম্পূর্ণ অবৈধ এবং সরকারি অনুমোদন বিহীন পরিবহন। পৌরবাসীর অনেকেরই মত, অটোরিকশা বন্ধ করে পায়ে চালিত রিকশা চালু হোক। পৌরসভা কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবেন আশা করি।
কামরুজ্জামান
সহকারী অধ্যাপক, ভূগোল বিভাগ,
মুক্তিযোদ্ধা কলেজ, ভাওয়ালগড়,
গাজীপুর
