ভালো ব্যবসা দেখিয়ে শেয়ারবাজার থেকে উচ্চ দরে শেয়ার ইস্যু করে বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকস। তবে এখন সেই কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নিয়মানুযায়ী, মুনাফা সত্ত্বেও লভ্যাংশ ঘোষণা না করায় কোম্পানিটিকে অতিরিক্ত কর প্রদান করতে হবে।
২০১৯-২০ অর্থবছরের আয়কর পরিপত্র অনুযায়ী, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মুনাফার কমপক্ষে ৩০ শতাংশ লভ্যাংশ আকারে শেয়ারহোল্ডারদের দিতে হবে। যদি ৩০ শতাংশের কম দেওয়া হয়, তাহলে রিটেইন আর্নিংসে স্থানান্তর করা পুরো অংশ বা কোম্পানিতে রেখে দেওয়া পুরোটার ওপরে ১০ শতাংশ হারে কর আরোপ করা হবে।
সূত্রমতে, কোম্পানিটি ২০১৩ সালে শেয়ারবাজারে আসে। এই কোম্পানি আইপিওতে প্রতিটি শেয়ার ২৫ টাকা ইস্যু করে। এতে প্রতিটি শেয়ারে প্রিমিয়াম সংগ্রহ করে ১৫ টাকা। কিন্তু সেই কোম্পানি সর্বশেষ ২০১৯-২০ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বেঙ্গল উইন্ডসোরের আইপিও-পূর্ব ২০১১-১২ অর্থবছরের ৩ দশমিক ৫১ টাকার শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) সর্বশেষ ২০১৯-২০ অর্থবছরে নেমে এসেছে শূন্য দশমিক ১২ টাকায়। এই ইপিএসে কোম্পানিটির পর্ষদের ১ দশমিক ২০ শতাংশ লভ্যাংশ দেওয়ার সক্ষমতা ছিল। এছাড়া রিজার্ভ থেকে লভ্যাংশ দেওয়ার সক্ষমতা ছিল। কিন্তু কোম্পানির পর্ষদ সেদিকে হাঁটেনি।
