এক দিনের ব্যবধানে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৫

আপডেট : ০২ নভেম্বর ২০২০, ২২:৪১

এক দিনের ব্যবধানে দেশে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা সাত জন বেড়েছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ২৫ জন। রবিবার ১৮ জনের মৃত্যু হয়েছিল। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মারা গেছেন ৫ হাজার ৯৬৬ জন। করোনা শনাক্তের বিবেচনায় গতকাল মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। গত ২৬ অক্টোবর থেকে মৃত্যুর হার প্রায় কাছাকাছি পর্যায়ে। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ      বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে নতুন ১ হাজার ৭৩৬ জনকে নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ১০ হাজার ৯৮৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ১ হাজার ৯৬১ রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ২৭ হাজার ৯০১ জন হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৩টি ল্যাবে ১২ হাজার ৮৯১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৭ শতাংশ। গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২০ জন। তারা প্রত্যেকেই হাসপাতালে মারা গেছেন।