ইয়াবার পর এবার মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করছে অবৈধ স্বর্ণের চালান। রবিবার রাতেও কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশের চেষ্টাকালে ৪৭১ ভরি স্বর্ণসহ একজনকে আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ এ খবর নিশ্চিত করেছেন।
আলী হায়দার আজাদ জানান, গোপন সূত্রে খবর পেয়ে ঘুমধুম বিজিবির সদস্যরা পালংখালী ইউনিয়নের কুড়ারপাড়া এশিয়ান হাইওয়ে রোডস্থ ব্রিজের পাশে অবস্থান নেন। এ সময় মিয়ানমার থেকে আনা ৪৭১ ভরি স্বর্ণসহ বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ৮, বি-৪৭-এর বাসিন্দা কবির আহমদের ছেলে মো. কলিমকে (২১) আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ১৫ লাখ ৩৫ হাজার ৮৬৯ টাকা। কলিমকে উখিয়া থানার পুলিশে হস্তান্তর করা হয়েছে।
এর আগে ঘুমধুম কচুবুনিয়া এলাকা দিয়ে একজন রাখাইন ভান্তে তার দুই সহযোগীসহ সীমান্ত পার হয়ে ঘুমধুমে এলে বিজিবির সদস্যরা তাদের আটক করেন। তাদের তল্লাশি করে স্বর্ণালংকার, মানচিত্র ও ক্যামেরা উদ্ধার করা হয়।
রোহিঙ্গাদের দেওয়া তথ্যমতে, মিয়ানমার তাদের দেশে উত্পাদিত স্বর্ণ রপ্তানি করে না। এসব স্বর্ণ তারা বিভিন্ন অলংকার, বৌদ্ধমূর্তিসহ ধর্মীয় বিভিন্ন উপাসনালয়ে ব্যবহার করে থাকে।
একাধিক রোহিঙ্গা মাঝি জানান, ২০১৭ সালে রোহিঙ্গারা যখন দেশ ছেড়ে চলে আসে, তখন তাদের হাতে থাকা স্বর্ণলংকার বিভিন্ন স্থানে লুকিয়ে রেখে আসে। পরে এসব জায়গায় মিয়ানমার সেনারা স্থাপনা নির্মাণ করতে গিয়ে উদ্ধার করে বিপুল পরিমাণ স্বর্ণালংকার। এসব স্বর্ণালংকার সেদেশের সেনাসদস্যরা চোরাই পথে বিক্রি করে দিলে তা রোহিঙ্গাদের মাধ্যমে এদেশে পাচার হয়ে আসে। বর্তমানে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে স্বর্ণ আসছে।
