দেশে খুন, ধর্ষণ ও অবিচার বেড়ে গেছে -------- জি এম কাদের

আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ০০:২৫

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দেশের খুন ও ধর্ষণের ঘটনা এখন আন্তর্জাতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আইনের শাসন ও সুশাসনের অভাবে দেশে খুন, ধর্ষণ ও অনাচার-অবিচার বেড়ে  গেছে। আইনের ফাঁক দিয়ে প্রকৃত অপরাধীরা পার পেয়ে যায়, আর সে কারণেই অপরাধপ্রবণতা বেড়ে যায়। আইনের শাসনে কিছুটা ঘাটতি আছে বলেই মানুষ নিজ হাতে আইন তুলে নিচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জাপা চেয়ারম্যান গতকাল সোমবার তার বনানী অফিস মিলনায়তনে নবগঠিত সাংস্কৃতিক পার্টির পরিচিতি অনুষ্ঠানে এ কথা বলেন।

জি এম কাদের বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সরকারকেই ব্যবস্থা নিতে হবে। আমরা দেশ থেকে খুন, ধর্ষণ, অবিচার-অনাচারের অবসান চাই।

অনুষ্ঠানে জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, দেশের মানুষ শুধু উন্নয়ন চায় না, মানুষ উন্নয়নের সঙ্গে সুশাসনও চায়। এরশাদ উন্নয়নের সঙ্গে সুশাসন দিতে পেরেছেন। জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক ও জাপা চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সালমা ইসলাম এমপি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, নাজমা আকতার এমপি, আহসান আদেলুর রহমান এমপি প্রমুখ।