ইত্তেফাক রিপোর্ট
গতকাল সোমবার ছিল মাঘের প্রথম দিন। বাঙালিরা এই দিনে সংক্রান্তি উত্সব পালন করে। পিঠাপুলি বানানোর সাথে এই উত্সবের আরেকটি দিক থাকে ঘুড়ি উড়ানো। পুরান ঢাকার ছাদে ছাদে বেশ জাঁকজমকের সাথে দীর্ঘ দিন ধরে পালন করা হয় ঘুড়ি উড়ানোর বাহারি এই উত্সব। নারিন্দা শরত্গুপ্ত রোডের পুরনো এক ঐতিহাসিক বাড়িতে আয়োজন করা হয় সংক্রান্তির ঘুড়ি উত্সবের। আশেপাশের সব বাড়িতে ঘুড়ি উড়লেও এই বাড়ির সাথে অন্যদের একটা বিরাট পার্থক্য ছিল। এই বাড়ির সব ঘুড়ি উড়িয়েছে মেয়েরা। ‘দি ফ্ল্যাগ গার্ল’ খ্যাত মিস প্রিয়তা ইফতেখার গত বছরের ১৫ ডিসেম্বর ‘মিস কালচার ওয়ার্ল্ড ওয়াইড’ খেতাব অর্জন করেন। তিনি গত তিন বছর যাবত্ আয়োজন করছেন শুধু মেয়েদের জন্য ঘুড়ি উত্সবের।
উচ্চমাধ্যমিক পড়ুয়া কানিজ ফাতেমা ফেসবুক পেজে দেখে মগবাজার থেকে এসে এই উত্সবে অংশ নেন। ভালোভাবে ঘুড়ি উড়াতে না পারলেও বেশ মজা আছে উড়ানোর চেষ্টাতে। একটু উড়লেই মনে হয় কিছু একটা হলো। নায়লা সুরাইয়া অংশ নেন ধানমন্ডি থেকে এসে। তিনি গত বছর এই দিনে পুরান ঢাকার রাস্তায় রাস্তায় ঘুরে ঘুড়ি উড়ানোর উত্সব দেখেছেন। এ বছর এই উত্সবের কথা জানতে পেরে অংশ নিতে তিনি চলে আসেন। তিনি বলেন, মেয়েদের জন্যও এমন ইভেন্টের আয়োজন থাকা দরকার। শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী মেয়েরা অনেক খেলা স্বাধীনভাবে খেলতে পারে না। এমন আয়োজনগুলো তাদের কিছুটা হলেও আনন্দ দেয়। এখানে এসে এই চেষ্টা দেখে ভালো লাগছে।
প্রিয়তা ইফতেখার আয়োজনের উদ্দেশ্য নিয়ে জানান, এই খেলাটা মেয়েদের জন্য নয়, কিন্তু আমাদের কালচার- তাই আমি মেয়েদের এই উত্সবে অংশ নেওয়ার ব্যবস্থা করি। সে ভাবনা থেকেই শুরু। এই খেলায় মেয়েদের চ্যালেঞ্জটা হলো দূরদূরান্ত থেকে একা এখানে এসে অংশ নিচ্ছে তারা। তাদের অনেকেরই সঙ্গে এখানে প্রথমবার দেখা হচ্ছে। এখানেই বন্ধুত্ব হচ্ছে। এটা আমার নানা বাড়ি।
রঙে বেরঙের ঘুড়ি, নাটাই আর সুতো নিয়ে অংশগ্রহণকারী মেয়েদের ঘুড়ি উড়ানোর উত্সব চলে সন্ধ্যা পর্যন্ত। পরে ফানুস উড়িয়ে তারাবাতি জ্বালিয়ে শেষ হয় এই পর্ব। পরে নাচগানেও অংশ নেন তারা। অনুষ্ঠানে দর্পণ আয়োজিত একটি মেলায় নানা রকম পণ্য সাজিয়ে বসে কিছু স্টল।
শাঁখারিবাজারে আজ পিঠা উত্সব
এদিকে জবি সংবাদদাতা জানান, শাঁখারিবাজারের হিন্দু পরিবারগুলো আজ পহেলা মাঘ মেনে সাকরাইনের পিঠা উত্সব পালন করবে। দিনের শুরু থেকেই পুরান ঢাকার বাড়িতে বাড়িতে চলবে পিঠা বানানোর ধুম। আর প্রতিটি বাড়ির ছাদ থেকে উড়ানো হবে রঙ-বেরঙের ঘুড়ি। যদিও উত্সব উপলক্ষে গতকালই অনেকে ঘুড়ি আর ফানুস উড়ায়।
