ডিএসসিসির ভেজাল বিরোধী অভিযান
ইত্তেফাক রিপোর্ট
ডিএসসিসির পক্ষ থেকে চলমান খাদ্যে ভেজাল বিরোধী ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ৩ জনকে কারাদণ্ড প্রদান এবং ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় এবং ৫টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। গতকাল সোমবার করপোরেশনের ৪টি অঞ্চলে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএসসিসি’র অঞ্চল-১ এর আওতাধীন শাহবাগ আজিজ সুপার মার্কেটের সিলভানা রেস্টুরেন্টের মালিক মোস্তফা কামালকে ২৭৩ দণ্ডবিধিতে ৩ দিনের সশ্রম কারাদণ্ড, মৌমিতা রেস্টুরেন্টকে বিশ হাজার টাকা জরিমানা এবং বিসমিল্লাহ হোটেলের মালিক আলতাফ হোসেনকে ২৭৩ দণ্ডবিধিতে ৫ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অঞ্চল-২ এর আওতায় পল্টন নাইটিংগেল মোড় এলাকায় পরিচালিত অভিযানে নিউ ঢাকা কাবাব এন্ড রেস্টুরেন্টের মালিক মুজিবর রহমানকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান, ডায়মন্ড রেস্টুরেন্টকে ৪১ ধারা অনুযায়ী একলাখ টাকা, কড়াই গোস্ত রেস্টুরেন্টকে এক লাখ টাকা, দস্তরখানা রেস্টুরেন্টকে একলাখ টাকা এবং কস্তুরী রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অঞ্চল-৩ এর আওতাধীন আজিমপুর ছাপড়া মসজিদ এলাকার ডেলিশাস ফুডকে দশ হাজার, হোটেল রোজ হ্যাভেনকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মোহন চাঁদ, আনন্দ, মিঠাই ও হরিপদ মিষ্টান্ন ভান্ডার এবং হক বেকারীকে সতর্ক করা হয়।
অঞ্চল-৪ এর ইসলামপুর রোড এলাকায় অমূল্য মিষ্টান্ন ভান্ডারকে চল্লিশ হাজার এবং অন্য ৩টি প্রতিষ্ঠানকে আরও দশ হাজার টাকা জরিমানা করা হয়।
