ভ্যাকসিন না থাকায় দুর্ভোগ
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
গফরগাঁওয়ে কুকুরের কামড়ে শিশু, নারী, বৃদ্ধসহ ১৬ জন আহত হয়েছেন। সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চরআলগী ইউনিয়নের চরমছলন্দ কাচারীপাড়া, কান্দাপাড়া, মদিপাড়া, মড়লপাড়া ও নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে হাসপাতালে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন না থাকায় আহত ব্যক্তিরা বিপাকে পড়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুইটি কুকুরের কামড়ে চরমছলন্দ বাজার এলাকার বাবুল মিয়া (৩৫), কালু (৮), ফারুক (১২), ইলিমা (১২), চরমছলন্দ কান্দাপাড়ার রিফাত (৩), মোখলেছ (৪), চরমছলন্দ শেখ রাসেল একতা বাজার এলাকার নাছিমা আক্তার (২৮), চরমছলন্দ মড়লপাড়ার তাওহীদ (৭), ছায়েম (৪), মরিয়ম (২), মুঞ্জুর (৫৫), রবি (১৭), চরমছলন্দ মদিপাড়ার ঝরনা বেগম (৪৫), চরমছলন্দ কাচারীপাড়ার রাজিয়া বেগম (৬০), তরিকুল ইসলাম ও মমিন (২৭) আহত হয়। এর সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইনুদ্দিন খান মানিক বলেন, আহতরা হাসপাতালে চিকিত্সা নিয়েছেন। তবে উপজেলা পর্যায়ে ভ্যাকসিন সরবরাহ না থাকায় কুকুরের কামড়ে আক্রান্ত রোগীদের বাইরের ফার্মেসি থেকে ভ্যাকসিন সংগ্রহ করতে হচ্ছে।
