জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে জাতির পিতার নিদর্শনসমূহ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে অবস্থিত জাতির পিতার দপ্তর কক্ষ ‘বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর’ এ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসাবে গতকাল শেরে বাংলা নগরে প্রতিরক্ষা সচিব ড. আবু হেনা মোস্তফা কামালের কাছে কিছু নিদর্শন হস্তান্তর করেন সোনালী ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান। সেখানে জাতির পিতা সোনালী ব্যাংক লিমিটেড, গণভবন শাখায় প্রথম হিসাবটি খোলার প্রাক্কালের একটি দুর্লভ ছবি, হিসাব খোলার ফরম ও জাতির পিতার স্বাক্ষর সংবলিত কার্ডটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
প্রতিরক্ষা সচিব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ, দেশপ্রেম এবং দেশ ও জাতি গঠনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ সময় জাতির পিতার জীবনাদর্শে উজ্জীবিত হয়ে সততার সঙ্গে দায়িত্ব পালনে সকলের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনালী ব্যাংক লিমেটেড, গণভবন শাখা ঢাকার প্রথম হিসাবটি খোলেন। সেই কার্ডটি সোনালী ব্যাংকের কাছে এতদিন গচ্ছিত ছিল। এ সময় অন্যান্যের মধ্যে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মাহামুদ-উল-হক, সোনালী ব্যাংক গণভবন শাখার এজিএমসহ ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —আইএসপিআর
