গুজব ছড়ানোর অভিযোগে ফেসবুক বন্ধু গ্রেফতার

আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ২২:২৮

জবি ছাত্রী নিখোঁজ

ইত্তেফাক রিপোর্ট

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্রী তিথি সরকারকে হাত-পা বাঁধা অবস্থায় মালিবাগ সিআইডি অফিসের চার তলা থেকে উদ্ধার—এমন গুজব ছড়ানোর অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতারকৃতের নাম নিরঞ্জন বড়াল। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

গতকাল সিআইডি কার্যালয়ে সাইবার পুলিশ সেন্টারের ডিআইজি জামিল আহমেদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী তিথি সরকার গত ২৫ অক্টোবর পল্লবী থানাধীন উত্তর কালশী এলাকার বাসা থেকে নিখোঁজ হন। নিখোঁজের ঘটনায় তার বড় বোন ২৭ অক্টোবর পল্লবী থানায় জিডি করেন। এখনো তিথি সরকারের খোঁজ মেলেনি।

জানা গেছে, ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। তবে পরিবারের দাবি তিথির ফেসবুক আইডি হ্যাকড হয়েছে।

ডিআইজি জামিল আহমেদ জানান, গত সোমবার নিরঞ্জনকে রামপুরার বনশ্রী থেকে গ্রেফতার করা হয়। তার ব্যবহূত মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিরঞ্জন ঐ পোস্ট দেওয়ার কথা স্বীকার করেছে। পেশায় নির্মাণ খাতের ব্যবসায়ী নিরঞ্জন নিজে থেকেই এই পোস্ট দিয়েছেন, নাকি কারো উসকানিতে করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তার গ্রামের বাড়ি ঝালকাঠি। সিআইডি জানায়, অনেক দিন ধরেই নিরঞ্জন মিথ্যা ও বিভ্রান্তিকর পোস্ট দিয়ে আসছিলেন। মূলত ধর্মীয় মূল্যবোধ বা অনুভূতিতে আঘাত বা উসকানি দেওয়ার মতো কাজ করে আসছিলেন তিনি।