আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, দেশে এখনো স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক অপশক্তির চক্রান্ত-ষড়যন্ত্র থেমে যায়নি। তবে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তিকে তথা সাম্প্রদায়িক বিষবৃক্ষকে সমূলে উত্পাটন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করব। জাতীয় চার নেতার শাহাদতবার্ষিকীতে এটাই আমাদের শপথ।
গতকাল মঙ্গলবার জেলহত্যা দিবস উপলক্ষ্যে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং বনানী কবরস্থানে জাতীয় তিন নেতা ও ১৫ আগস্টে শহিদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘জেল হত্যাকাণ্ডের অনেক রহস্য উন্মোচন এখনো হয়নি। নতুন প্রজন্মের জন্য এ রহস্য খুঁজে বের করতে হবে।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘১৫ আগস্ট ও ৩ নভেম্বর একই সূত্রে গাঁথা এবং একই চক্রান্তের ধারাবাহিকতা। একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে এই দুইটি কলঙ্কিত হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে। অভিভাবক শূন্য করতে বঙ্গবন্ধু হত্যা আর নেতৃত্ব শূন্য করতেই ৭১-এর পরাজিত শক্তি জেল হত্যা সংঘটিত করেছিল।’ ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় নেতাদের হত্যা করে সেদিন তারা আমাদের নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল। ৩ নভেম্বর থেকে ৭ নভেম্বর কেন জেনারেল খালেদ মোশাররফ, কর্নেল হুদা, কর্নেল হায়দারসহ অসংখ্য সেনাবাহিনীর অফিসারকে, জওয়ানকে সেদিন সিপাহী জনতার বিপ্লবের নামে হত্যা করা হয়েছিল, তার অনেক রহস্য এখনো উন্মোচন হয়নি।
এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল সাহেব বলেছেন, সত্ ও যোগ্য নেতার অভাব। আমি বলব, আয়নায় নিজের চেহারাটা দেখুন, এ দেশে দুর্নীতির রাজনীতি প্রাতিষ্ঠানিকীকরণ যারা করেছেন, তারা হলো বিএনপি। পর পর পাঁচবার দুর্নীতিতে দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিল, সেই বিএনপির মুখে সততার রাজনীতির কথা শোভা পায় না।’
