ঢাকার শাহবাগ চত্বর ও চট্টগ্রামের নিউমার্কেট চত্বরসহ সারা দেশে জেলা, উপজেলা, মহানগর ও বিভাগীয় সদরে আগামী শনিবার গণ-অবস্থান ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। ধর্ম অবমাননার জিগির তুলে দিনাজপুরের পার্বতীপুর ও কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু এলাকায় আক্রমণ, অগ্নিসংযোগ, নারী নির্যাতন, অধ্যাপক কুশল চক্রবর্তীকে হত্যার হুমকি, ধর্মপ্রাণ শহিদুন্নবীকে পিটিয়ে-পুড়িয়ে হত্যার প্রতিবাদে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।
পরিষদের অন্য দাবিগুলো হলো—সংখ্যালঘু সুরক্ষায় আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন। এসব দাবি আদায়ের লক্ষ্যে ঐ দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গণ-অবস্থান কর্মসূচি পালন করা হবে।
রানা দাশগুপ্ত বলেন, সমাজের মানবিকতা অনেক বেশি নিম্নগামী হচ্ছে। একদিকে নারী, আরেক দিকে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালানো হচ্ছে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রী নিখোঁজ তিথি সরকারকে অনতিবিলম্বে উদ্ধারের পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের মহানগর সভাপতি প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরী, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ জেলা কমিটির সাধারণ সম্পাদক অসীম কুমার দেব প্রমুখ।
