ইলিশ আহরণ ও বিক্রির ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ বুধবার। আগামীকাল থেকেই বাজারে পাওয়া যাবে ক্রেতাদের পছন্দের শীর্ষে থাকা এই মাছ।
ইলিশের উত্পাদন বাড়াতে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন মা-ইলিশ ধরা ও বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়। এই সময়ে ইলিশ আহরণ না করতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জেলেদের ব্যাপকভাবে সচেতন করা হয়। নৌ-পুলিশ ও কোস্ট গার্ডের টহলের পাশাপাশি অত্যাধুনিক উপায়ে মনিটর করা হয় যাতে কোনো নৌকা বা জাহাজ ইলিশ ধরতে না পারে। তবে নিষিদ্ধকালীন সময়ে জেলেদের পর্যাপ্ত খাদ্যসহায়তা দেওয়া হয়েছে বলে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে।
প্রধান প্রজনন মৌসুমে ‘মা-ইলিশ’ রক্ষার এই উদ্যোগে গত এক দশকে দেশে ইলিশের উত্পাদন বেড়েছে প্রায় ৮৪ শতাংশ। মত্স্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২০০৭-০৮ অর্থবছরে দেশে ইলিশ উত্পাদন ছিল ২ দশমিক ৯০ লাখ টন। এক দশক পর ২০১৮-১৯ অর্থবছরে ইলিশের উত্পাদন বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৩৩ লাখ টনে। শিগিগরই উত্পাদন সাড়ে ৫ লাখ টন ছাড়িয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, দেশে মোট উত্পাদিত মাছের ১২ দশমিক ১৫ শতাংশই আসে ইলিশ থেকে। আর মোট দেশজ উত্পাদনে (জিডিপি) ইলিশের অবদান ১ শতাংশেরও বেশি।
