ভুয়া করোনা টেস্টের মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে জামিন দেয়নি হাইকোর্ট। শুনানি শেষে আদালত আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে। বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ শুনানি করেন। বর্তমানে মামলটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।
এদিকে ধার্য তারিখে এ মামলায় সাক্ষী হাজিরে ব্যর্থ হওয়ায় ঢাকার গুলশান ও খিলগাঁও থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদালতে দুঃখ প্রকাশ করেছেন। গতকাল ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারীর আদালতে দুঃখ প্রকাশ করেন তারা।
প্রসঙ্গত গত ২১ অক্টোবর মামলাটি সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু ঐদিন তারা সাক্ষী হাজির করতে পারেননি। এজন্য আদালত তাদের কারণ দর্শানোর নোটিশ দেয়। পরে তারা আদালতে সাক্ষী হাজির করতে না পারায় দুঃখ প্রকাশ করেন। এদিকে গতকাল এ মামলায় মনির হোসেন নামে একজন সাক্ষ্য দিয়েছেন। আগামী ১৬ নভেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য রেখেছে আদালত। এ নিয়ে ৪০ জন সাক্ষীর মধ্যে সাত জনের সাক্ষ্য শেষ হলো।
