সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের ভাই মোস্তফা জগলুল ওয়াহিদের গুলশানের বাসার দাবির পক্ষে প্রয়োজনীয় নথিপত্র আদালতে দাখিল করতে পক্ষদেরকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ৯ নভেম্বরের মধ্যে হলফনামা আকারে এসব নথিপত্র দাখিল করতে মোস্তফা জগলুল ওয়াহিদের দুই মেয়ে ও তার দ্বিতীয় স্ত্রীকে বলা হয়েছে। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন।
এছাড়া গুলশানের ঐ বাড়িতে মোস্তফা জগলুলের দুই মেয়ে ও তার দ্বিতীয় স্ত্রীর আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা যেন প্রবেশ করতে পারে সেই ব্যাপারেও সংশ্লিষ্ট থানার ওসিকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এদিকে আদালতের আদেশে গতকাল হাইকোর্টে হাজির হন জগলুল ওয়াহিদের দুই মেয়ে মুশফিকা মোস্তফা ও মোবাশশারা মোস্তফা, দ্বিতীয় স্ত্রী আঞ্জু কাপুর ও গুলশান থানার ওসি। আদালতে দুই মেয়ের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ, আঞ্জু কাপুরের পক্ষে মাসুদ আর সোবহান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক শুনানি করেন।
গত ২৬ অক্টোবর গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে হাইকোর্টের দেওয়া নির্দেশে মোস্তফা জগলুলের দুই মেয়েকে গুলশানের বাসায় তুলে দেয় পুলিশ। একই সঙ্গে তাদের নিরাপত্তাও নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়।
