গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২১ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫১৭ জন। আর সুস্থ হয়েছেন ১ হাজার ৯১০ জন।
আজ বুধবার ( ৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন মৃত্যু ২১ জনসহ দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার চারজনে। আর দেশে মোট আক্রান্তের সংখ্যা চার লাখ ১৪ হাজার ১৬৪ জন। করোনায় আক্রান্ত হয়ে দেশে মোট তিন লাখ ৩১ হাজার ৬৯৭ জন সুস্থ হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১৪টি ল্যাবে ১৩ হাজার ৯১৪টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৩২৮টি।
২৪ ঘণ্টায় নতুন ২১ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১৭ জন ও নারী চারজন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন চার হাজার ৬২১ জন ও নারী এক হাজার ৩৮৩ জন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুজন ও ষাটোর্ধ্ব ১৪ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচজন, খুলনায় একজন, বরিশাল বিভাগে একজন, রংপুর বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগে একজন। সবাই হাসপাতালে মৃত্যুবরণ করেছে।
দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। এ পর্যন্ত দেশে মোট ২৩ লাখ ৮৯ হাজার ৬৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
ইত্তেফাক/এসআই
