লাভ না হলে আম চাষ করবে না চাষিরা

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ২২:৩৩

ইত্তেফাক রিপোর্ট

লাভজনক না হলে আম চাষ করবেন না চাষিরা। যে ফসলে শুধু খোরপোষ চলে তা আবাদের তালিকা থেকে বাদ দেবেন তারা। চুক্তিবদ্ধ চাষিদের মাধ্যমে উত্পাদিত নিরাপদ আমের  দেশি ও রপ্তানি বাজার সম্প্রসারণে অংশীজনদের এক পরামর্শ সভায় আম চাষিরা এমন অভিমতই জানিয়েছেন।

চাষিরা বলছেন, ভোক্তারা বেশি মূল্যে আম কিনলেও আম চাষে তাদের লোকসান হচ্ছে। এ কারণে আম চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন আম চাষিরা। তাই আম রপ্তানি করার জন্য কৃষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি, প্রশিক্ষণ কার্যক্রম জোরদারের জন্য অনুরোধ জানান তারা। বুধবার সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) সনত্ কুমার সাহাও একই সুরে বলেছেন, সরকার খোরপোষ বা জীবন ধারণের কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে যাচ্ছে। কৃষকের উত্পাদিত পণ্যের ন্যায্য দাম নিশ্চিতের জন্য লাভ লস হিসাব করে ফসল উত্পাদন করতে হবে। যে ফসল লাভজনক নয় সে ফসল কৃষক কেন উত্পাদন করবে? আম উত্পাদনে লস হলে কৃষক অন্য ফসল ফলাবে। তিনি বলেন, দেশ বিদেশের চাহিদার কথা মাথায় রেখে উত্পাদন করতে হবে। আমরা নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাবার চাই। খাদ্য নিরাপদ ও মানসম্পন্ন হলে বেশি দামেও ভোক্তা কিনবে।  তিনি আরো বলেন, নিরাপদ ও মানসম্মত না হলে সে আম রপ্তানি করা যাবে না। এতে অন্য পণ্যের ওপর বিরূপ প্রভাব পড়বে। ফল ও সবজির অভ্যন্তরীণ ও রপ্তানি বাজার সম্প্রসারণে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। সুপার মার্কেট ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, চাষিদের থেকে কয়েকবার হাত বদল হয়ে ভোক্তাদের কাছে আম পৌঁছে। এ কারণে চাষিরা আম চাষে লাভবান না হলেও বেশিমূল্যে আম কিনতে হচ্ছে ভোক্তাদের। এ সমস্যা চিহ্নিত করে সমাধান করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ অমিদাভ দাস। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নেদারল্যান্ড এম্বেসির সিনিয়র পলিসি এডভাইজার (ফুড এন্ড নিউট্রিশন সিকিউরিটি) ওসমান হারুনী, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা হাসান, বাংলাদেশ ফ্রুটস এন্ড ভেজিটেবল এক্সপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, প্রতিষ্ঠানটির সিনিয়র ম্যানেজার (সাপ্লাই চেইন এন্ড বিজনেস ডেভেলপমেন্ট) মো. মজিবুল হক প্রমুখ।  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের পরিচালক কৃষিবিদ মীর নূরুল আলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপ-পরিচালক (রপ্তানি) মুহা. আনোয়ার হোসেন খান।