ইত্তেফাক রিপোর্ট
এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশ ভিয়েতনামের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ আরো বাড়াতে চায় বাংলাদেশ। এ জন্য উভয় দেশের ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের সহজ যোগাযোগের লক্ষ্যে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই)। একই সঙ্গে বাংলাদেশে দেশটির বিনিয়োগ বাড়ানোরও আহ্বান জানিয়েছেন সংগঠনটির সভাপতি শামস মাহমুদ। মঙ্গলবার রাজধানীর মতিঝিলে ডিসিসিআই অফিসে সংগঠনটির সভাপতি শামস মাহমুদের সঙ্গে সাক্ষাত্ করেন ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন। এ সময় ডিসিসিআই সভাপতি এ আহ্বান জানান।
বাংলাদেশের পর্যটন, টেক্সটাইল, সমুদ্র অর্থনীতি, কন্সট্রাকশন, হালকা প্রকৌশল, চামড়া ও চামড়াজাত পণ্য প্রভৃতি খাত অত্যন্ত সম্ভাবনাময় উল্লেখ করে সেখানে ভিয়েতনামের উদ্যোক্তাদের একক কিংবা যৌথভাবে বিনিয়োগের আহ্বান জানান।
তিনি দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ঢাকা চেম্বার ও বাংলাদেশ নিযুক্ত ভিয়েতনামের দূতাবাসের মধ্যকার সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং ডিসিসিআইতে ভিয়েতনামের একটি হেল্প ডেস্ক স্থাপনের প্রস্তাব করেন। এ সময় ডিসিসিআই সভাপতি বলেন, বাংলাদেশ ‘আশিয়ান’ এর পর্যবেক্ষক হিসেবে স্বীকৃতি পেলে ভিয়েতনামসহ আশিয়ান অঞ্চলের অন্যান্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য আরো বাড়বে।
ভিয়েতনামের রাষ্ট্রদূত বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়াতে সম্ভাবনাময় পণ্যের বহুমুখীকরণ এবং রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণের ওপর গুরুত্ব দিতে বাংলাদেশি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।
প্রসঙ্গত, দ্বিপাক্ষিক বাণিজ্যে বাংলাদেশ ভিয়েতনামে যে পরিমাণ রপ্তানি করে, তার ১৪ গুণ বেশি আমদানি করে। সর্বশেষ ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশ ভিয়েতনামে ৪ কোটি ৮১ লাখ ডলারের পণ্য রপ্তানির বিপরীতে আমদানি করেছে প্রায় ৭০ কোটি ডলারের।
