রুদ্ধশ্বাস জয়ে টিকে রইল রিয়াল

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ২২:১০

অদম্য বায়ার্ন ছুটছেই

 স্পোর্টস ডেস্ক

রিয়াল মাদ্রিদের জন্য ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচটা ছিল বাঁচামরার লড়াই। সেই লড়াইয়ে ৩-২ গোলের রুদ্ধশ্বাস এক জয় নিয়ে জিনেদিন জিদানের শিষ্যরা চ্যাম্পিয়নস লিগে টিকে রইল। এদিকে বায়ার্ন মিউনিখ শেষ ১০ মিনিটের ঝড়ে ৬-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছে সালজবুর্গকে। বড় জয় তুলে নিয়েছে ইংলিশ পরাশক্তি লিভারপুল ও ম্যানচেস্টার সিটিও।

‘জয় আবশ্যিক’—এমন এক সমীকরণ নিয়ে নিজেদের মাঠে নামা রিয়াল শুরুটা করেছিল দুর্দান্ত। কারিম বেনজেমা ও অধিনায়ক সার্জিও রামোসের দুই গোলে এগিয়ে যায় ম্যাচের ২৯ মিনিটেই। তবে এরপরই ইন্টার ফেরে ম্যাচে। ৩৫ মিনিটে লাওতারো মার্টিনেজের গোলে ব্যবধান কমানো দলটি সমতা ফেরায় ৬৯ মিনিটে, ইভান পেরিসিচের লক্ষ্যভেদে। এরপর সময় যত গড়াচ্ছিল, এস্তাদিও আলফ্রেদো দি স্তেফানোয় উদ্বেগ বাড়ছিল পাল্লা দিয়ে। ড্র করলেই যে দেওয়ালে চূড়ান্তভাবে পিঠ ঠেকে যেত জিদানশিষ্যদের!

তবে ৮০ মিনিটে রদ্রিগো গোয়েসের গোলে তা আর হয়নি। তৃতীয় ম্যাচে এসে প্রথম জয় নিয়ে রিয়াল ‘বি’ গ্রুপের তৃতীয় স্থানে উঠে আসে। আর ইন্টার চলে যায় গ্রুপের তলানিতে। অন্য ম্যাচে শাখটারকে ৬-০ ব্যবধানে হারানো মুনশেনগ্লাডবাখ আছে গ্রুপের শীর্ষে।

‘এ’ গ্রুপে বায়ার্ন মিউনিখও রিয়ালের মতোই ম্যাচ জিতেছে শেষ ১০ মিনিটে। রেডবুল সালজবুর্গের সঙ্গে ৭৯ মিনিট পর্যন্ত ২-২ সমতায় থাকা বায়ার্ন অবশ্য শেষ সময়ে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে চারবার। জোড়া গোল পেয়েছেন রবার্ট লেভান্ডোভস্কি, লক্ষ্যভেদ করেছেন লুকাস এর্নান্দেজ, লেরয় সানে ও জেরোম বোয়াটেং। ওদিকে অ্যাটলেটিকো আবারও পড়েছে ড্রয়ের কাটায়। লোকোমোটিভ মস্কোর মাঠে ১-১ ড্র করে ফিরেছেন লুই সুয়ারেজরা।

ম্যানচেস্টার সিটি ‘সি’ গ্রুপে ফেরান তরেস, গ্যাব্রিয়েল জেসাস ও হোয়াও ক্যানসেলোর লক্ষ্যভেদে অলিম্পিয়াকোরসের বিপক্ষে পেয়েছে সহজ এক জয়। গ্রুপের অন্য ম্যাচে পোর্তোও একই ব্যবধানে হারিয়েছে মার্শেইকে।

‘ডি’ গ্রুপে লিভারপুলও পেয়েছে বড় জয়। ডিয়েগো জোটার হ্যাটট্রিক ও মোহামেদ সালাহর লক্ষ্যভেদে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে স্বাগতিক আটালান্টাকে। আয়াক্স আমস্টারডাম মিডজিল্যান্ডের মাঠ থেকে ২-১ জয় তুলে নকআউটের আশা বাঁচিয়ে রেখেছে।

এক নজরে

শাখটার ডনেটস্ক        ০-৬     বরুসিয়া মুনশেনগ্লাডবাখ

লোকোমোটিভ মস্কো  ১-১     অ্যাটলেটিকো মাদ্রিদ

রেডবুল সালজবুর্গ      ২-৬     বায়ার্ন মিউনিখ

রিয়াল মাদ্রিদ            ৩-২     ইন্টার মিলান

ম্যানসিটি                 ৩-০     অলিমিপয়াকোস

পোর্তো                    ৩-০     মার্শেই

আটালান্টা                ০-৫     লিভারপুল

মিডজিল্যান্ড              ১-২     আয়াক্স