পাঁচ কারখানাকে পৌনে ৫ কোটি টাকা জরিমানা

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ২২:২২

পরিবেশ অধিদপ্তরের অভিযান

ইত্তেফাক রিপোর্ট

পরিবেশ দূষণবিরোধী অভিযান, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে গতকাল পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের অপরাধে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীর মোট পাঁচটি কারখানাকে ৪ কোটি ৭৭ লাখ ২৭ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং। অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থাটির পরিচালক রুবিনা ফেরদৌসী শুনানি গ্রহণ শেষে কেন্দ্রীয় তরল বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) অকার্যকর রেখে এবং তরল বর্জ্য ওভারফ্লু ও বাইপাসের মাধ্যমে তরল বর্জ্য পরিবেশে নির্গমনের মাধ্যমে কারখানা পরিচালনা করে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের অপরাধে সাভারের বিসিক চামড়া শিল্পনগরীর একটি প্রতিষ্ঠানকে ৪ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে সাভারের ঝুমকা টেক্সটাইল মিলসকে ৭৬ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া গাজীপুরে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসকে ১০ লাখ ১ হাজার টাকা, একই অপরাধে নারায়ণগঞ্জের মেসার্স আশামনি প্রিন্টিং ইন্ডাস্ট্রিজকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অন্য দিকে নরসিংদীর সিলিকন টেক্সটাইল মিলস আনন্দীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।