বরগুনায় রিফাত শরীফ হত্যা
ইত্তেফাক রিপোর্ট
বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। একই সঙ্গে ৫০ হাজার টাকা করে দেওয়া অর্থদণ্ডও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত করেছে আদালত। আসামিদের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন। মিন্নি ছাড়াও মোহাইমিনুল ইসলাম ওরফে সিফাতের আপিল শুনানির জন্য গতকাল গ্রহণ করেছে হাইকোর্ট।
এ নিয়ে এই হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির আপিল শুনানির জন্য গ্রহণের পাশাপাশি অর্থদণ্ডও স্থগিত করল হাইকোর্ট। তবে মামলার প্রধান আসামি রিফাত ফরাজী ফাঁসির রায়ের বিরুদ্ধে বেকসুর খালাস চেয়ে করা আপিল এখনো হাইকোর্টে উপস্থাপন করেনি। আদালতে মিন্নিসহ দুই আসামির পক্ষে আইনজীবী জেড আই খান পান্না ও বদিউজ্জামান তরফদার শুনানিতে অংশ নেন।
২০১৯ সালের ২৬ জুন রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে ঐ ঘটনায় দায়েরকৃত মামলায় প্রধান সাক্ষী করা হয় রিফাতের স্ত্রী মিন্নিকে। পরে সাক্ষী থেকে মামলার আসামি হন মিন্নি। গত ৩০ সেপ্টেম্বর বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের দেওয়া রায়ে মিন্নি, রিফাত ফরাজী, আল কাইয়ুম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, মো. রেজোয়ান আলী খান হূদয় ওরফে টিকটক হূদয়, মো. হাসানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বেকসুর খালাস দেওয়া হয় চার আসামিকে।
