আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বারবার আন্দোলন, নির্বাচনে ব্যর্থতা ও হতাশায় বিএনপির রাজনীতিতে সংকটের কালো ছায়া পড়েছে। গতকাল বুধবার সেতুমন্ত্রী তার সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আরো বলেন, ‘আমরা বলতে চাই, দেশে এই মুহূর্তে কোনো রাজনৈতিক সংকট নেই, প্রকৃতপক্ষে আস্থার প্রকট সংকট চলছে বিএনপির রাজনীতিতে। বিএনপির দলীয় নেতৃত্বের মধ্যে পারস্পরিক আস্থার সংকট এখন চরমে।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি কথায় কথায় গণতন্ত্রের কথা বলছে। আমরা জানতে চাই, তারা কোন গণতন্ত্রের কথা বলছে? তাদের দেখানো হালুয়া-রুটির গণতন্ত্র? রাতের বেলায় দেওয়া কারফিউ গণতন্ত্র? তাদের গণতন্ত্র ছিল এক চিমটি লবণ, এক মুষ্টি গুড় আর আধাসের পানির সঙ্গে মিশ্রণের গণতন্ত্র।’ ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের যে অবিরাম যাত্রা, তাতে বিরোধী দল হিসেবে বিএনপি কী ভূমিকা রাখছে, জনগণ জানতে চায়। প্রথম দিন থেকেই অগণতান্ত্রিকভাবে একটি নির্বাচিত সরকার হটানোর ঘোষণা কি বিএনপির গণতন্ত্র? নেতিবাচক, মিথ্যাচার আর ষড়যন্ত্র ছাড়া গণতান্ত্রিক মূল্যেবোধ সুরক্ষায় আপনারা আর কী করেছেন? দায়িত্বশীল বিরোধী দল হিসেবে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক পথ রচনায় সরকারকে কী সহযোগিতা করেছেন?’
ওবায়দুল কাদের বলেন, ‘একটি মতলবি মহল সম্প্রতি ধর্মীয় ইস্যুসহ নানান ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়াচ্ছে। রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে চালাচ্ছে অপপ্রচার। সম্প্রতি লালমনিরহাটের পাটগ্রাম ও কুমিল্লার মুরাদনগরের ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমাদের প্রতিটি ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। কেউ কারো ধর্মবিশ্বাসে আঘাত করে পোস্ট দেওয়া প্রত্যাশিত নয়। এ ধরনের উসকানিমূলক পোস্ট শাস্তিযোগ্য অপরাধ। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। গুজবে ভর করে কারো জীবন ও সম্পদের ওপর আঘাত করবেন না। পাশাপাশি অন্য ধর্মের প্রতি কেউ কটাক্ষ করবেন না।’ ‘উসকানিমূলক’ কিছু নজরে এলে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে আহ্বান জানান তিনি।
সেতু বিভাগে শতভাগ ই-নথি বাস্তবায়ন
সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বাসেক) ই-নথি বাস্তবায়নে শতভাগ সাফল্য অর্জন করেছে। সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ বেলায়েত হোসেন প্রথম শতভাগ অর্জনকারী উন্নয়ন ও পরিকল্পনা অনুবিভাগকে ক্রেস্ট প্রদান করেন।
