সাড়ে সাত মাসে মৃত্যু ৬ হাজার ছাড়াল

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ২২:২৮

সরকারি হিসাব অনুযায়ী বাংলাদেশে গত সাড়ে সাত মাসে করোনা ভাইরাসে (কোভিড-১৯) মোট মৃত্যু হয়েছে ৬ হাজার ৪ জনের। গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। ১০ অক্টোবর তা সাড়ে ৫ হাজার ছাড়িয়েছিল। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা               এক দিনের সর্বোচ্চ মৃত্যু। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে আরো ১ হাজার ৫১৭ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এতে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ১৪ হাজার ১৬৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ১১৪টি ল্যাবে ১৩ হাজার ৯১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ২৩ লাখ ৮৯ হাজার ৬৭৭টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৯০ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৭ দশমিক ৩৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ০৯ শতাংশ।

গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৭ জন, নারী চার জন। তাদের প্রত্যেকেই হাসপাতালে মারা গেছেন। মৃতদের মধ্যে ১৪ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। দুই জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এবং চার জনের বয়স ৪১ থেকে ৫০ এবং এক জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছিল। মৃতদের মধ্যে ১২ জন ঢাকা বিভাগের, পাঁচ জন চট্টগ্রাম বিভাগের এবং এক জন করে মোট চার জন খুলনা, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। দেশে এ পর্যন্ত মারা যাওয়া ৬ হাজার ৪ জনের মধ্যে ৪ হাজার ৬২১ জনই পুরুষ এবং ১ হাজার ৩৮৩ জন নারী।