ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে নানা অনিয়ম তুলে ধরে নির্বাচন কমিশনে ২৮ পৃষ্ঠার লিখিত অভিযোগ দাখিল করেছে বিএনপি। পুলিশ ও স্থানীয় প্রশাসনের ওপর নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ নেই বলে অভিযোগ করে দলটির প্রতিনিধিরা। তাদের অভিযোগ, প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না। বিএনপির ওপর বার বার হামলার ঘটনা ঘটলেও রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ ব্যবস্থা নিচ্ছে না।
গতকাল বুধবার বিকালে নির্বাচন ভবনে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করে এসব অভিযোগ করেন। তবে বিএনপির এসব অভিযোগ অস্বীকার করে নির্বাচন কমিশনের (ইসি) ভারপ্রাপ্ত সচিব জানিয়েছেন অশোক কুমার দেবনাথ। তিনি বলেন, বিএনপির সব অভিযোগ সঠিক নয়।
ঢাকা-১৮ আসনে আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণ হবে। এ ভোট সামনে রেখে বুধবার বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কমিশনারদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উপনির্বাচন পরিচালনা কমিটির সদস্য আব্দুস সালাম, নাজিম উদ্দীন আলম, ঢাকা-১৮ আসনের বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর ও বিএনপির সহসাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল উপস্থিত ছিলেন। কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
বৈঠকের পর বিএনপির প্রার্থী জাহাঙ্গীর বলেন, আমরা যেখানে প্রচার কর্মসূচি দেই, সেখানে সরকারি দলের ক্যাডার বাহিনী দেশীয় অস্ত্রসহ হামলা করে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাসায় বাসায় গিয়ে বিএনপির কর্মী-সমর্থকদের এলাকা ছাড়ার হুমকি দিচ্ছে। আমাদের পোলিং এজেন্টরা আতঙ্কে ভুগছে। আমানউল্লাহ আমান বলেন, নির্বাচন কমিশন তাদের অবস্থান ও সাংবিধানিক পদে থেকে দায়িত্ব পালন করেন কী না তা দেখতে সর্বশেষ অবস্থা পর্যন্ত থাকতে চাই। পরিস্থিতি তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে।
