চট্টগ্রাম অফিস
নগরীর বহদ্দারহাট এলাকা থেকে মো. রাজু বাদশা ওরফে হামকা রাজু নামে এক যুবককে অস্ত্র-গুলিসহ গ্রেফতার করেছে র্যাব। গতকাল বুধবার ভোরে চান্দগাঁও বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রাজু এলাকায় সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত বলে র্যাব জানায়।
র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন ইত্তেফাককে জানান, হামকা রাজুর বিরুদ্ধে কিশোর গ্যাং পরিচালনা, কিশোর গ্যাংয়ের মাধ্যমে ছিনতাই, চাঁদাবাজি, হত্যাচেষ্টা, মাদক ব্যবসাসহ বিভিন্ন অভিযোগে অন্তত পাঁচটি মামলা রয়েছে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
