১৪ মাসের মধ্যে রিজার্ভ ৫০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে :অর্থমন্ত্রী

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ২২:৩৮

বৈদেশিক মুদ্রার রিজার্ভ আগামী ১৪ মাসের ভেতরে ৫০ বিলিয়ন ডলার (৪ লাখ ২৫ হাজার কোটি টাকা) ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আগামী বছর অর্থাত্ ২০২১ সালের শেষ নাগাদ রিজার্ভ এই উচ্চতায় পৌঁছাবে বলে প্রক্ষেপণ করেন তিনি।

গতকাল বুধবার ভার্চুয়াল পদ্ধতিতে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন। রিজার্ভের অর্থ ব্যবহারের বিষয়ক এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, গত ২৮ আগস্ট বৃহস্পতিবার দিন শেষে রিজার্ভের পরিমাণ ছিল ৩৮ দশমিক ৯০ বিলিয়ন ডলার (৩ লাখ ৩০ হাজার ৬৫০ কোটি টাকা), যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। এই রিজার্ভ দিয়ে সাড়ে ৯ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। আমাদের রিজার্ভ যদি উন্নয়ন প্রকল্পে ব্যবহার করি সেক্ষেত্রে দেশের টাকা দেশেই থাকল, বাইরের ঋণ ব্যবহার হলো না, ঋণের দায়ও বাড়ল না।

করোনার মধ্যেও          অর্থনীতির বিভিন্ন সূচকে বাংলাদেশ ভালো অবস্থানে থাকার বিষয়ে প্রশ্ন করা হলে অর্থমন্ত্রী বলেন, করোনার প্রকোপ শুরুর পর সময়োচিত পদক্ষেপ গ্রহণ করায় অর্থনীতিতে এই গতি এসেছে। এজন্য বিশ্বব্যাংক, আইএমএফসহ সবাই প্রশংসা করছে। অর্থমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে যখন বাংলাদেশ সৃষ্টি হয় তখনো সমালোচকরা বলত যে এদেশ টিকে থাকবে না। সমস্ত কিছু মোকাবিলা করেই আজকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। সক্ষম বাংলাদেশ, সফলতার বাংলাদেশ, অন্যদেরকে শক্তি জোগাবার বাংলাদেশ, স্বপ্ন দেখাবার জায়গা বাংলাদেশ।

ক্রয় কমিটিতে আট প্রস্তাব অনুমোদন

আগামী বছর প্রক্রিয়াকরণের জন্য আবুধাবি ও সৌদি আরব থেকে ৫ হাজার কোটি টাকায় ১৩ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় সবমিলিয়ে আটটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এরমধ্যে শিল্প মন্ত্রণালয়ের চারটি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দুইটি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ও সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগের একটি করে প্রস্তাবনা ছিল। অনুমোদিত আটটি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ৫ হাজার ৬৬৪ কোটি ৬৮ লাখ টাকা।

এদিকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ পর্যটন করপোরেশন কর্তৃক সিলেটে একটি আন্তর্জাতিক মানের ট্যুরিজম কমপ্লেক্স নির্মাণের প্রকল্পটি পিপিপি-ভিত্তিতে বাস্তবায়নের জন্য নিউজিল্যান্ড ভিত্তিক ব্লু মাউন্টেন এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের মধ্যে চুক্তির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।