জামিন পেলেন আব্বাস দম্পতি

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ২২:৩৮

ইত্তেফাক রিপোর্ট

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসকে আট সপ্তাহের জামিন দিয়েছে হাইকোর্ট। এ জামিনের মেয়াদ শেষের পর তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। এর আগে আব্বাস দম্পতি হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে হাজির হয়ে জামিন চান। আবেদনের পক্ষে আইনজীবী এজে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন এবং দুদকের পক্ষে খুরশীদ আলম খান উপস্থিত ছিলেন।

গত ৭ জানুয়ারি আব্বাস দম্পতির বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলা করে দুদক। মামলার বিবরণে বলা হয়, আফরোজা আব্বাসের নামে যে সম্পদের বর্ণনা পাওয়া গেছে তা আসলে তার স্বামী মির্জা আব্বাসের সহায়তায় অবৈধ উত্স থেকে অর্জিত সম্পদ। মির্জা আব্বাসের স্ত্রী আফরোজার নামে ২০ কোটি ৭৬ লাখ ৯২ হাজার ৩৬৩ টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে। আয়কর নথিতে তিনি নিজেকে একজন হস্তশিল্প ব্যবসায়ী হিসেবে বর্ণনা করেছেন। কিন্তু পাসপোর্টের তথ্যে বলা হয়েছে, তিনি একজন গৃহিণী। নিজের আয়ের কোনো বৈধ উত্স তার নেই।