ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে গতকাল বুধবার এডিস মশার লার্ভা প্রজননস্থল শনাক্তকরণ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ধানমন্ডি লেক ও ডেমরার বামৈল এলাকায় এ অভিযান চালানো হয়। করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বে ১৫ নম্বর ওয়ার্ডের আওতাধীন ধানমন্ডি লেক ও লেক সংলগ্ন এলাকা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় লেক সংলগ্ন ওয়াকওয়ের পাশে অবস্থিত সব হোটেল ও দোকানের লেকমুখী রাস্তা বন্ধ করে দেওয়া হয়। এসব এলাকার অবৈধ ২০টির অধিক দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এক জনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া আদালত ধানমন্ডির ৮ নম্বর ব্রিজের কাছে মানুষের চলাচলের রাস্তায় থাকা পুলিশ বক্স উচ্ছেদ করে। পুলিশ বক্সের অভ্যন্তরে ভ্রাম্যমাণ হকারদের দোকান পরিচালনার সামগ্রী পাওয়া যায়।
এদিকে মশক নিয়ন্ত্রণ অভিযানের অংশ হিসেবে নগরীর ১৫ ও ৬৬ নম্বর ওয়ার্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাজী ফয়সালের নেতৃত্বে পরিচালিত অভিযানকালে তিনি ৩১টি স্থাপনা পরিদর্শন করে একটি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় মামলা দায়ের ও নগদ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। একই সঙ্গে ডিএসএসসি নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত অঞ্চল ৮-এর ৬৬ নম্বর ওয়ার্ডের বামৈল বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি ৪৫টি স্থাপনা পরিদর্শন করে তিনটি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় তিনটি মামলা দায়ের ও নগদ ২১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।
