রাজশাহীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ০১:০৯

গত সোমবার দিবাগত রাতে রাজশাহীর বোয়ালিয়া থানা এলাকা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি তার বান্ধবীর মেসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঐ ছাত্রীর নাম ফাতেমা এলিন ফুজি। তিনি জাবির বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তার বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায়।

ফুজির বান্ধবীর বরাত দিয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি (তদন্ত) মাহবুব আলম বলেন, পারিবারিক ঝামেলার কারণে ফাতেমা এলিন ফুজি সম্প্রতি রাজশাহীর বোয়ালিয়া থানার জাদুঘর মোড় এলাকায় তার এক বান্ধবীর মেসে ওঠেন। সোমবার রাতে বান্ধবীর সঙ্গে নিজের কষ্টের কথা বলে কান্নায় ভেঙে পড়েন। পরে ঐ মেসেই আত্মহত্যা করেন।

ফুজির বান্ধবী পুলিশকে জানিয়েছে, ফুজির মা মারা যাওয়ার পর বাবা দ্বিতীয় বিয়ে করেন। তার সত্-মা ও বাবার সঙ্গে পারিবারিক ঝামেলার কারণে খুবই হতাশায় ভুগছিলেন তিনি। পাশাপাশি একটি ছেলের সঙ্গে তার সম্পর্ক ছিল। তাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে। সব মিলিয়ে তিনি খুবই হতাশার মধ্যে ছিলেন।

ওসি (তদন্ত) মাহবুব আলম বলেন, সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।